পূর্ব বর্ধমান: দ্বিতীয় দফার ভোটে (WB Election 2026) এবার ইভিএম কারচুপির গুরুতর অভিযোগ উঠল মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের ৩৫ নম্বর বুথে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর (Siddiqullah Chowdhury) ছবি এবং ব্যালট ইউনিটের ভোট দেওয়ার সুইচে সেলোটেপ (EVM Tampering) লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
তৃণমূলের (TMC) দাবি, মন্তেশ্বর জোকারী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ নম্বর বুথে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ও চার নম্বর বোতামের ওপর সুকৌশলে সেলোটেপ এঁটে দেওয়া হয়েছিল। দীর্ঘক্ষণ এই অবস্থাতেই ভোট প্রক্রিয়া চলার পর বিষয়টি তৃণমূল নেতৃত্বের নজরে আসে।
ঘটনার খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী এবং তিনি নিজে ওই বুথে পৌঁছান। গোটা ঘটনায় প্রিজাইডিং অফিসারের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন তিনি। সিদ্দিকুল্লার দাবি, বুথের ভেতর ওয়েব ক্যামেরা এবং খোদ প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে কীভাবে দীর্ঘক্ষণ ধরে এমন জালিয়াতি চলল, তা রহস্যজনক।
এদিকে এই টানাপোড়েনের জেরে দীর্ঘ সময় ধরে ভোট গ্রহণ প্রক্রিয়া থমকে থাকে। তীব্র গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ ভোটাররা চরম হয়রানির শিকার হন। কে বা কারা প্রার্থীর ছবির ওপর সেলোটেপ লাগাল, তা নিয়ে বুথের বাইরে ভোটারদের মধ্যেও কানাঘুষো শুরু হয়েছে। নির্বাচন কমিশনকে কড়া ভাষায় চিঠি দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শাসক শিবির। প্রশাসনের পদস্থ কর্তারা বর্তমানে বুথের ভেতরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।
