উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট, কিন্তু মনের জেদ অটুট। শারীরিক অসুস্থতাকে তুচ্ছ করে হাসপাতাল থেকে সরাসরি অ্যাম্বুল্যান্সে চেপে ভোট (West Bengal Election 2026) দিতে পৌঁছলেন আরামবাগের (Arambagh) তৃণমূল সাংসদ মিতালি বাগ। বুধবার বেলায় আরামবাগের ১৩৯ নম্বর বুথে যখন হুইলচেয়ারে বসে তিনি প্রবেশ করলেন, তখন সেখানে উপস্থিত সবার চোখেই ছিল বিস্ময়। ভোট দিয়ে বেরিয়েই সুর চড়ালেন বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
ভোটের প্রচারের শেষলগ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথে মিতালি বাগের (Mitali Bag) ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে। দুষ্কৃতীদের বাঁশ ও লাঠির আঘাতে গুরুতর জখম হয়েছিলেন তিনি। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। এরপর থেকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন সকালে হাসপাতাল থেকে ছুটি পেলেও বাড়ি না গিয়ে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়াকেই অগ্রাধিকার দিলেন এই নেত্রী।
ভোট দিয়ে বেরিয়েই মিতালি বাগ দাবি করেন, “কণ্ঠনালি কেটে নিলেও জয় বাংলা বলব।” তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বিজেপির হয়ে কাজ করছে। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানোর জন্য ১৬টি রাজ্য থেকে বিজেপির নেতারা এসেছেন এবং হিংসার বার্তা দিয়েছেন। কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন।” বিজেপি যে এজেন্ট দিতে পারছে না, সেই খোঁচাও দিয়েছেন তিনি। সাংসদকে হাসপাতালে দেখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, হামলায় জড়িতদের কাউকে ছাড়া হবে না।
