উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে (WB Election 2026) বিজেপির (BJP) ‘ঐতিহাসিক জয়’ নিয়ে ফের একবার নিজের আত্মবিশ্বাস জাহির করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার উত্তরপ্রদেশের হরদই থেকে গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করার সময় পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব নিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, এই নির্বাচনে বিজেপি ‘জয়ের হ্যাটট্রিক’ করতে চলেছে।
রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণকে ‘গণতন্ত্রের উৎসব’ তকমা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে বিপুল ভোটদানের খবর আসছে। প্রথম দফার মতোই সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে এসে লাইন দিয়ে ভোট দিচ্ছেন। ছয়-সাত দশকে এমন দৃশ্য কল্পনাও করা যায়নি।” মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের প্রতি ইঙ্গিত করে মোদির সংযোজন, “ভয়মুক্ত বাতাবরণে মানুষ ভোট দিচ্ছেন। এটি আমাদের সংবিধান ও মজবুত গণতন্ত্রের এক পুণ্য প্রতীক।” এদিন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সকলকে ভোটদানের আহ্বান জানান।
বিজেপি যে দেশজুড়ে জয়ের ধারায় রয়েছে, তা স্মরণ করিয়ে দিতে মোদি বিহার বিধানসভা নির্বাচন এবং গুজরাতের সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের উদাহরণ টানেন। তিনি বলেন, “বিহারের ভোটে এনডিএ ইতিহাস গড়েছে। গতকালই গুজরাতের পুরসভা ও পঞ্চায়েত ভোটের ফলে ৮০-৮৫ শতাংশ আসন বিজেপি জিতেছে।” এই সাফল্যের রেশ ধরেই তাঁর দৃঢ় বিশ্বাস, আসন্ন ফলাফলে বিজেপি ঐতিহাসিক জয়ের হ্যাটট্রিক করবে।
ভাষণে মোদি ‘বিকশিত ভারতের’ সংকল্প পুনর্ব্যক্ত করে বলেন, “আগামী ৪ মে-র নির্বাচনী ফলাফল কেবল রাজনৈতিক জয়ের প্রতীক নয়, এটি বিকশিত ভারতের সংকল্পকে আরও মজবুত করবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের দিন প্রধানমন্ত্রীর এই মন্তব্য মূলত তৃণমূলকে চাপে রাখার এবং দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর এক কৌশলগত পদক্ষেপ। ৪ মে গণনার দিনই স্পষ্ট হবে প্রধানমন্ত্রীর এই দাবি কতটা বাস্তবসম্মত।
