উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবারও এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল গুজরাট (Gujarat Accident)। বুধবার সকালে সাবরকাঁঠা জেলার শামলাজি-আহমেদাবাদ জাতীয় সড়কে (Nationwide Freeway) একটি দ্রুতগামী বেসরকারি বাসের ধাক্কায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন যাত্রী।
পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, একটি যাত্রীবাহী ভ্যান শামলাজি থেকে হিম্মতনগরের দিকে যাচ্ছিল। জসওয়ন্তগড় পাতিয়া এলাকার কাছে পৌঁছলে পিছন থেকে আসা একটি দ্রুতগতির বেসরকারি বাস সজোরে ভ্যানটিকে ধাক্কা মারে। ধাক্কা এতটাই জোরালো ছিল যে ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। গামভোই থানার ইন্সপেক্টর অলপেশ চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনার অভিঘাতেই ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের চালক অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়েই সামনে থাকা ভ্যানটিকে ধাক্কা মারেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুল্যান্স পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে (Hospital) পাঠায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জাতীয় সড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ফের একবার সড়ক নিরাপত্তা ও দ্রুতগতির যানবাহনের ওপর নজরদারির অভাবকে সামনে এনে দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘাতক বাসের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গত সোমবার তেলেঙ্গানায় ক্রেন দুর্ঘটনায় ৫ শ্রমিকের মৃত্যুর শোক কাটতে না কাটতেই গুজরাটের এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
