Visakhapatnam | বিশাখাপত্তনমে এইচপিসিএল-এর শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতা দমকলের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিশাখাপত্তনমে (Visakhapatnam) হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শোধনাগার চত্বরে আচমকা বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পরেই এই মারাত্মক আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শোধনাগারের একটি সালফার পিচ ট্যাঙ্কে এই আগুন লাগে। সোশ্যাল মিডিয়ায় সামনে আসা বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, আকাশ ছুঁয়েছে লেলিহান শিখা এবং চারপাশ ঢেকে গেছে কালো ধোঁয়ার কুণ্ডলীতে। এর জেরে আশেপাশের আবাসিক এলাকাগুলোতেও চরম উদ্বেগ তৈরি হয়।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচি (Shankhabrata Bagchi) নিশ্চিত করেছেন যে, আগুনটি শুধুমাত্র একটি নির্দিষ্ট ট্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং শোধনাগারের অন্য কোনো অংশে এর কোনো ঝুঁকি নেই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এইচপিসিএল-এর নিজস্ব দমকল বাহিনী এবং অন্যান্য ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে নেমে পড়ে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শোধনাগার থেকে বের হওয়া এই ধোঁয়া জনবসতিপূর্ণ এলাকার জন্য বিষাক্ত বা বিপজ্জনক নয়। স্বস্তির খবর হলো, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় দমকল বাহিনীর অভিযান জারি রয়েছে এবং পরিস্থিতি ওপর কড়া নজর রাখছেন উচ্চপদস্থ কর্মকর্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *