উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজস্থান রয়্যালস ম্যাচ হারলেও শনিবার রাতের নায়ক শুধুই বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi world document)। অস্ট্রিয়ার করণবীর সিং থেকে শুরু করে কায়রন পোলার্ড— টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ছক্কার ‘সেঞ্চুরি’র রেকর্ডে বিশ্বের তাবড় সব নামকে পেছনে ফেলে দিল এই কিশোর।
গুজরাটের মহম্মদ সিরাজকে মারা প্রথম ছক্কাটি বৈভবকে পৌঁছে দেয় টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলফলকে। আর এই লক্ষ্যে পৌঁছোতে সে বল খরচ করেছে মাত্র ৫১৪টি। এর আগে এই বিশ্বরেকর্ডটি ছিল অস্ট্রিয়ার করণবীর সিংহের (৮১৩ বল) দখলে। অর্থাৎ ২৯৯টি বল কম খেলে রেকর্ডটি নিজের নামে করল বৈভব। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কায়রন পোলার্ড (৮৪৩ বল), চতুর্থ স্থানে রোমারিয়ো শেফার্ড (৮৪৫ বল) এবং পঞ্চম স্থানে সিক্কুগে প্রসন্ন (৮৫০ বল)। এতদিন পর্যন্ত ১০০ ছক্কা মারতে বিশ্বের সব ব্যাটারই কমপক্ষে ৮০০-র বেশি বল খেলেছেন, সেখানে বৈভবের এই ৫১৪ বলের রেকর্ড কার্যত অভাবনীয়।
শনিবারের ম্যাচে আরও একটি বিশেষ নজির গড়েছে বৈভব। আইপিএলে পাওয়ার প্লে-তে সর্বোচ্চ ছক্কা মারার ক্ষেত্রে সে টপকে গিয়েছে অভিষেক শর্মাকে। ২০২৪ সালে পাওয়ার প্লে-তে অভিষেকের ছক্কার সংখ্যা ছিল ২৯। এদিন শুভমন গিলদের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে নিজের ছক্কার সংখ্যা ৩০-এ নিয়ে গেল বৈভব। এছাড়া আইপিএলের এক মরসুমে সর্বোচ্চ ৪২টি ছক্কার (অভিষেক শর্মার রেকর্ড) গণ্ডিও বৈভব পার করে দেবে বলে আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বর্তমানে এই মরসুমে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৪০-এ।
টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে বৈভবের মোট ছক্কার সংখ্যা ১০২। ১৫ বছরের এই ব্যাটার বুঝিয়ে দিল, বিশ্ব ক্রিকেটে আগামী দিনের পাওয়ার হিটিংয়ের সংজ্ঞা বদলে দিতে সে প্রস্তুত।
