ডালখোলা: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক হওয়া উত্তর দিনাজপুরের জেলার ডালখোলা থানার কোনাল গ্রামের চিকিৎসক জানিসার আলমকে শনিবার বিকেলে ছেড়ে দেওয়া হল। উল্লেখ্য, শুক্রবার সকালে সূর্যাপুর হাইস্কুলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় NIA। পরিবারের দাবি, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার সন্দেহভাজন এক ব্যাচমেট চিকিৎসকের সঙ্গে তাঁর ফোনে ও হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। সেই সূত্রেই তদন্তকারী কর্মকর্তাদের সন্দেহের তালিকায় উঠে আসে তাঁর নাম। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়। পরিবারের বক্তব্য, ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর NIA জানিসারের বক্তব্যে সন্তুষ্ট হয় এবং ঘটনার সঙ্গে কোনও যোগসূত্র না পাওয়ায় তাঁকে শনিবার মুক্তি দেওয়া হয়। তাঁর মুক্তির খবর পাওয়ার পর এলাকায় স্বস্তির হাওয়া ফিরেছে। তবে জানিসারের জন্য রয়েছে বেশকিছু শর্ত! তিনি আপাতত সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না। সোশ্যাল মিডিয়াতেও কোনওরকম পোস্ট করতে পারবেন না জানিসার।
