উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে টানা দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী (Assam CM) হতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। রবিবার গুয়াহাটিতে আয়োজিত এনডিএ-র (NDA) পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে নেতা নির্বাচিত করা হয়েছে। আগামী ১২ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
এদিন গুয়াহাটিতে আয়োজিত বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা হিমন্ত বিশ্বশর্মার নাম প্রস্তাব করেন। রণজিৎ কুমার দাস, অজন্তা নেওগ, পীযূষ হাজরিকা সহ আটজন প্রবীণ নেতা এই প্রস্তাব সমর্থন করেন। বিজেপি ছাড়াও জোটসঙ্গী অসম গণ পরিষদ (AGP) এবং বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের (BPF) বিধায়করাও হিমন্তের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। ফলে এনডিএ এবং বিজেপি পরিষদীয় দলের নেতা হিসেবে তাঁর নাম সর্বসম্মতভাবে গৃহীত হয়।
বিধানসভা নির্বাচনে অসমের ১২৬টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট ১০২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট মাত্র ১৯টি আসনে জয়ী হয়ে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। আঞ্চলিক দলগুলির মধ্যে রাইজর দল দুটি আসন পেলেও অসম জাতীয় পরিষদ কোনও খাতা খুলতে পারেনি। এআইইউডিএফ (AIUDF)-ও মাত্র দুটি আসনেই সীমাবদ্ধ থেকেছে।
আগামী মঙ্গলবার (১২ মে) শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উপস্থিত থাকার কথা রয়েছে। হিমন্ত বিশ্বশর্মার দ্বিতীয় দফার এই প্রত্যাবর্তনকে উত্তর-পূর্ব ভারতে বিজেপির ভিত আরও মজবুত করার কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল।
