Vaibhav Sooryavanshi | লখনউ কর্ণধারকে প্রণাম ১৫ বছরের বৈভবের! সারল্যে মুগ্ধ সঞ্জীব গোয়েঙ্কা, বললেন ‘সারা বিশ্ব তোমার পায়ের তলায়’

Vaibhav Sooryavanshi | লখনউ কর্ণধারকে প্রণাম ১৫ বছরের বৈভবের! সারল্যে মুগ্ধ সঞ্জীব গোয়েঙ্কা, বললেন ‘সারা বিশ্ব তোমার পায়ের তলায়’

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বয়স মাত্র ১৫, কিন্তু খেলার মাঠে পরিণত ব্যাটারের মতো আত্মবিশ্বাস। আইপিএলের মঞ্চে ব্যাট হাতে তাবড় বোলারদের শাসন করা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এখন ক্রিকেট বিশ্বের নতুন সেনসেশন। তবে মাঠের বাইরে এই কিশোরের সারল্য আবারও মুগ্ধ করল আপামর ক্রিকেটপ্রেমীদের। বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিংয়ের পর বিপক্ষ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে নতুন নজির গড়ল বৈভব। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের ছবি ভাইরাল হতেই বৈভবের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

লিগ টেবিলে লখনউ সুপার জায়ান্টস ধুঁকলেও, বৈভব সূর্যবংশীর সামনে এদিন কার্যত অসহায় আত্মসমর্পণ করে তাদের বোলিং লাইন আপ। রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার মাত্র ৩৮ বলে ৯৩ রানের একটি বিস্ফোরক ইনিংস উপহার দেন। তাঁর ব্যাটিং তান্ডবে ভর করেই ৭ উইকেটে অনায়াসে ম্যাচ জিতে নেয় রাজস্থান। বৈভব যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন তাঁকে সম্মান জানাতে উঠে দাঁড়িয়ে হাততালি দেন লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা স্বয়ং।

ম্যাচ শেষে দেখা গেল এক আবেগঘন দৃশ্য। বৈভব সোজা এগিয়ে যান লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ও তাঁর স্ত্রীর দিকে এবং তাঁদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এরপর বেশ কিছুক্ষণ কিশোর ক্রিকেটারের সঙ্গে আন্তরিক কথা বলতে দেখা যায় গোয়েঙ্কাকে। পরে সোশ্যাল মিডিয়ায় বৈভবের এই সারল্যের ভূয়সী প্রশংসা করে সঞ্জীব গোয়েঙ্কা লেখেন, “সারা বিশ্ব তোমার প্রতিভা দেখেছে। গোটা দেশ তোমার মধ্যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। এত অল্প বয়সে, এত বড় দায়িত্ব তোমার কাঁধে এসে পড়েছে। এই সারল্য ধরে রেখো। তোমার প্রতিভা আরও বিকশিত হোক। সারা বিশ্ব তোমার পায়ের তলায় থাকবে। বৈভব, তোমার জন্য প্রার্থনা, আশীর্বাদ ও ভালোবাসা রইল।”

বৈভবের এই বিনয় দেখে ধারাভাষ্যকার বক্সে বসে প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাসকরও নিজেকে ধরে রাখতে পারেননি। বৈভব যখন প্রণাম করছিলেন, তখন রসিকতা করে গাভাসকর বলেই ফেলেন, “গোয়েঙ্কা নিশ্চয়ই মনে মনে ভাবছেন, পরের নিলামে তোমার জন্য বিশাল দর হাঁকব!”

সব মিলিয়ে, মাঠের ভেতর ঝোড়ো ব্যাটিং আর মাঠের বাইরে এই কিশোর সুলভ সারল্য— সব মিলিয়ে বৈভব সূর্যবংশী যে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের বড় সম্পদ হতে চলেছেন, তা নিয়ে এখন আর কোনও সংশয় নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *