উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই এক বড় ধাক্কা খেলেন ক্রিকেটপ্রেমীরা। সকলের নজর ছিল তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর দিকে (Vaibhav Sooryavanshi)। আয়ারল্যান্ড সফরে ভারতীয় ওপেনারদের ব্যর্থতার পর ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সুনীল গাভাসকার ও রবিচন্দ্রন অশ্বিনের মতো কিংবদন্তিরাও বৈভবের অভিষেকের পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু প্রথম একাদশ ঘোষণার সময় দেখা গেল, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনায় জায়গা হলো না এই কিশোর প্রতিভার।
আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ভারতের ভরাডুবির পর প্রশ্ন উঠেছিল ওপেনিং জুটি নিয়ে। বিশেষ করে সঞ্জু স্যামসনের লাগাতার ব্যর্থতা সমর্থকদের হতাশ করেছিল। এই প্রেক্ষাপটেই ভারতের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হচ্ছিল বৈভব সূর্যবংশীকে। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে টসের পর শ্রেয়স আয়ার যখন দল ঘোষণা করেন, তখন বহু সমর্থকের চোখ ছিল বৈভবের নামের সন্ধানে। কিন্তু শেষ পর্যন্ত তরুণ এই ক্রিকেটারের নাম শোনা না যাওয়ায় নিরাশ হয়েছেন অগণিত দর্শক।
ভারতের জার্সি গায়ে বৈভবের অভিষেক নিয়ে দেশজুড়ে প্রবল আগ্রহ থাকলেও, কোচ গৌতম গম্ভীর তাঁর নিজস্ব রণকৌশল থেকে এক চুলও নড়েননি। গাওস্কর বা অশ্বিনের মতো ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি থাকা সত্ত্বেও গম্ভীর কেন বৈভবকে দলে নিলেন না, তা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে শুরু হয়েছে বিতর্ক। কোচ কি তবে তরুণদের ওপর ভরসা রাখতে সময় নিচ্ছেন, নাকি অন্য কোনো সমীকরণ কাজ করছে? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।
আসম্প্রতি আয়ারল্যান্ড সিরিজে ব্যর্থতা কাটিয়ে উঠতে ভারত যে নতুন কোনো পরীক্ষানিরীক্ষা করবে, সেই আশায় ছিল গ্যালারি। কিন্তু অভিজ্ঞতার ওপর ভরসা রেখে গম্ভীর যে দল সাজালেন, তাতে বৈভবের মতো প্রতিভার জন্য আরও অপেক্ষা যে বাড়ল, তা বলাই বাহুল্য। এখন দেখার, সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে গম্ভীর তাঁর সিদ্ধান্ত বদলান কি না, নাকি আস্থার প্রতিদান দিতে ব্যর্থ ওপেনারদের ওপরই ভরসা রাখেন তিনি।

