উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তরাখণ্ডে ভয়াবহ সুড়ঙ্গ বিপর্যয় (Uttarakhand Tunnel Collapse)! চমোলি জেলায় নির্মীয়মাণ বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের (Vishnugad-Pipalkoti Hydroelectric Challenge) একটি সুড়ঙ্গ ভেঙে পড়ে আটকে পড়লেন বহু নির্মাণশ্রমিক। বৃহস্পতিবার চামোলি জেলার পিপলকোটি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আকস্মিক ধসের জেরে ওই এলাকায় চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় প্রশাসন ও জেলা শাসক গৌরব কুমার সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটার সময় সুড়ঙ্গের ভেতরে প্রায় ১৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। আচমকাই সুড়ঙ্গের অভ্যন্তরে বড়সড়ো ধস নামার ফলে একটি অংশ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং ভেতরে আটকে পড়েন শ্রমিকরা। ঘটনাটি জানাজানি হতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ।
প্রশাসন সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এ পর্যন্ত ৮ জন শ্রমিককে অক্ষত ও নিরাপদে সুড়ঙ্গের ভেতর থেকে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। তবে এখনও বহু শ্রমিক ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের অবস্থান শনাক্ত করতে এবং ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের বের করে আনতে উদ্ধারকাজ জোরকদমে চলছে।
উল্লেখ্য, টিএইচডিসি (THDC) ইন্ডিয়ার অধীনে চামোলি জেলায় অলকানন্দা নদীর ওপর এই বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পটির কাজ চলছিল। প্রাথমিক অনুমান, পার্বত্য এলাকার অভ্যন্তরে হঠাৎ ভূমিধসের কারণেই নির্মাণকাজ চলাকালীন এই ভয়াবহ ধস নেমেছে। সম্পূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন শীর্ষ আধিকারিকেরা। দুর্ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী এনে বাকি শ্রমিকদের দ্রুত উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

