উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কর্ণাটকে নির্বাচনি তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেন্সিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার মাঝেই জাতীয় নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে সত্য গোপনের অভিযোগ তুললেন অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং পরবর্তীতে কমিশনের অবস্থান বদল নিয়ে নির্বাচন কমিশনকে সরাসরি ‘মিথ্যাবাদী’ বলে তোপ দাগলেন এই বর্ষীয়ান অভিনেতা!
ঘটনার সূত্রপাত ঘটে যখন ৬১ বছর বয়সী অভিনেতা সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, বেঙ্গালুরু নির্বাচনি তালিকা থেকে তাঁর নাম মুছে ফেলা হয়েছে। তিনি যে কেন্দ্র থেকে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে লড়েছিলেন এবং যেখানে তাঁর শৈশব কেটেছে, সেখান থেকে হঠাৎ নাম উধাও হওয়া নিয়ে কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি।
পালটা জবাবে বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রকাশ রাজের নাম পাকাপাকিভাবে মুছে ফেলা হয়নি, বরং তিনি পুরোনো ঠিকানায় না থাকায় তাঁকে ‘স্থানান্তরিত’ (Shifted) বলে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়, বিগত চার বছর ধরে তিনি ওই ঠিকানায় না থাকায় আইনি বিধি মেনেই এই পরিবর্তন করা হয়েছে এবং তিনি নতুন ঠিকানায় ‘ফর্ম-৬’ জমা দিয়ে পুনরায় ভোটার পরিচয়পত্র সংশোধন করতে পারেন।
কমিশনের এই জবাবের পরেই আবার গর্জে ওঠেন অভিনেতা। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় অপর একটি ভিডিওবার্তায় তিনি দাবি করেন, শুরুতে কমিশনের ওয়েবসাইটে তাঁর স্ট্যাটাস ‘পার্মানেন্টলি শিফটেড’ বা স্থায়ীভাবে স্থানান্তরিত দেখানো হয়েছিল, যার সরাসরি অর্থ নাম বাতিল। প্রকাশ রাজের অভিযোগ, বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করতেই কমিশনের কর্তারা ভুল স্বীকার করে ফোন করেন, অথচ বিকেলে সাংবাদিক বৈঠক করে সুর বদলে সত্য গোপন করার চেষ্টা চালান। তিনি প্রশ্ন তোলেন, একজন খ্যাতনামা নাগরিক হওয়ার পরও যদি প্রশাসনের এমন টালবাহানার মুখোমুখি হতে হয়, তবে দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের সুরক্ষা কোথায়? এই ঘটনা নাগরিকের মর্যাদার লড়াই বলে উল্লেখ করে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন অভিনেতা।

