উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ উত্তরাখণ্ডে (Uttarakhand) ভারী বর্ষণের জেরে ফের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। পাহাড়ি রাজ্যে প্রবল বৃষ্টির ফলে নদীর জলস্তর হু হু করে বেড়ে যাওয়ায় চামোলি জেলার নীতি উপত্যকা (Niti Valley) অঞ্চলের একটি লোহার সেতু ভাসিয়ে (Bridge Collapse) নিয়ে গেল নদীর তীব্র স্রোত। এই ঘটনার একটি রোমহর্ষক ভিডিও সামনে এসেছে, যা দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, জলের সঙ্গে প্রচুর কাদা ও জঞ্জাল মিশে প্রবল বেগে ধেয়ে আসছে এবং উপত্যকার ওই সেতুটিতে আছড়ে পড়ছে। জলের প্রচণ্ড চাপে চোখের পলকে সেতুটি নদীর পাড়ের দিকে ভেসে যায়। তবে সৌভাগ্যবশত, বিপর্যয় ঘটার ঠিক আগেই নদীর ধারের রাস্তা থেকে একটি ট্রাক ও একটি এসইউভি গাড়ি দ্রুত ঘুরে নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হয়, ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।
সেতুটি ভেঙে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকাটি মূল শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনা করে সাধারণ মানুষকে এই মুহূর্তে ওই অঞ্চলে যাতায়াত না করার কঠোর নির্দেশ দিয়েছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং প্রশাসনের তরফে সবুজ সঙ্কেত না মিললে ভ্রমণ স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, নদীর জলস্তর আরও বাড়ার আশঙ্কা থাকায় নদী ও ঝোরাগুলির ধারে বসবাসকারী মানুষদের নিরাপদ দূরত্বে থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
উত্তরাখণ্ডের দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন সচিব বিনোদ কুমার সুমন জানিয়েছেন, রবিবার রাত থেকেই রাজ্যে অবিরাম বৃষ্টি চলছে। দেরাদুন, বাগকেশ্বর, নৈনিতাল এবং চম্পাবত—এই জেলাগুলি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। তিনি আরও জানান, পুরো রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই বর্ষণ লাগাতার চলবে। সন্ধের দিকে কিছুটা বিরতি মিললেও রাতের দিকে বৃষ্টির তীব্রতা ফের বৃদ্ধি পেতে পারে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিধসপ্রবণ অঞ্চলগুলিতে মানুষকে সচেতন করতে বিশেষ প্রচার চালানো হচ্ছে এবং এই ধরনের জরুরি পরিস্থিতিতে কী করণীয়, তা নিয়ে নির্দেশিকাও দেওয়া হচ্ছে।

