উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্যে ফের শুল্কের অস্ত্র নিয়ে ময়দানে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । মার্কিন সুপ্রিম কোর্টের ধাক্কায় আগের শুল্কনীতি বাধার মুখে পড়ার পর এবার নতুন আইনি পথে বিশ্ববাজারে আমেরিকার বাণিজ্যিক চাপ বাড়াতে উদ্যোগী হয়েছে ওয়াশিংটন। আর সেই নতুন সমীকরণে ফের অস্বস্তিতে ভারত (India US Commerce Relations)। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (USTR) প্রস্তাব দিয়েছে, ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানো হতে পারে। তবে দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলে সেই হার ১৭ শতাংশে নামার সম্ভাবনা রয়েছে। বুধবার এই অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।
১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ নম্বর ধারায় আট মাসের তদন্তের পর এই পদক্ষেপের কথা জানিয়েছে আমেরিকা। ভারতের বিরুদ্ধে অভিযোগ, উৎপাদন বাড়াতে সরকারি নীতি, শ্রমিকদের সুরক্ষায় ঘাটতি, আর্থিক বিধিনিষেধ এবং বিদেশি পণ্যের বাজারে প্রবেশের বাধা মার্কিন বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ইস্পাত, সৌরশক্তি এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। এই তালিকায় অবশ্য ভারত একা নয়। চিন, বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন-সহ মোট ১৪টি অর্থনীতিকে নিশানা করেছে আমেরিকা। ভিয়েতনামের ক্ষেত্রে প্রস্তাবিত শুল্ক সর্বোচ্চ ৩৫ শতাংশ। বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে তা ১৮ শতাংশ পর্যন্ত হতে পারে।
তবে এখনই কার্যকর হচ্ছে না নতুন শুল্ক। আগামী ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত মতামত জমা নেওয়া হবে। ২৫ জানুয়ারি শুনানিরও পরিকল্পনা রয়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আলোচনার সুযোগ থাকছে। তাৎপর্যপূর্ণ হল, গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাণিজ্যচুক্তির কাঠামো নিয়ে সহমত হয়েছিল নয়াদিল্লি ও ওয়াশিংটন। সেই সমঝোতায় ভারতের উপর আগের ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্ক কমে ১৮ শতাংশে এসেছিল। কিন্তু পূর্ণাঙ্গ চুক্তি এখনও অধরা। ফলে ট্রাম্পের নতুন শুল্ক-চাল ভারতের রপ্তানি বাণিজ্যের কাছে যেমন চাপের, তেমনই দ্রুত সমঝোতায় পৌঁছনোর কূটনৈতিক তাগিদও বাড়াচ্ছে।

