উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কানাডার উপর আরও ১০ শতাংশ শুল্ক চাপালেন (US Tariff) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কানাডার (Canada) একটি বিজ্ঞাপনে ভুয়ো প্রচার চালানো হয়েছে বলে দাবি তাঁর। সেই সঙ্গে ওই বিজ্ঞাপনে প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি পুরোনো ভাষণ ভুলভাবে ব্যবহার করা হয়েছে। তার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে ট্রুথ সোশ্যালে একথা জানিয়েছেন ট্রাম্প। কানাডার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে তিনি জানিয়েছেন, বিজ্ঞাপনে ভুল তথ্য প্রচার করা হচ্ছে জেনেও কোনও পদক্ষেপ করেনি কানাডা সরকার। এমনকি রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউটের তরফেও দাবি, প্রাক্তন প্রেসিডেন্টের পুরোনো ভাষণের ক্লিপ বিজ্ঞাপনে ব্যবহারের জন্য তাদের কোনও অনুমতি নেওয়া হয়নি। মূলত বিতর্কিত বিজ্ঞাপনটিতে রিগ্যানের ১৯৮৭ সালে রেডিওতে দেওয়া একটি ভাষণের কিছু অংশ নেওয়া হয়েছে। যেখানে তাঁকে শুল্কের বিরুদ্ধে বলতে শোনা গিয়েছিল।
এনিয়ে ট্রাম্প লিখেছেন, ‘তথ্যের গুরুতর ভুল উপস্থাপন এবং শত্রুতামূলক আচরণের কারণে আমি কানাডার উপর ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করছি।’ ওই বিজ্ঞাপনটিকে ‘ভুয়ো’ বলে উল্লেখ করেও ট্রাম্প লেখেন, ‘রিগ্যান ফাউন্ডেশন জানিয়েছে, বিজ্ঞাপনটিতে প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ওই মন্তব্যগুলি ব্যবহার এবং এডিট করার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। এই বিজ্ঞাপনের পেছনে কানাডার সরকারের একটাই উদ্দেশ্য ছিল। তারা ভেবেছিল মার্কিন সুপ্রিম কোর্ট তাদের বাঁচিয়ে দেবে। এদিকে, কানাডা নিজের উচ্চ শুল্ক বছরের পর বছর ধরে আমেরিকাকে ক্ষতিগ্রস্থ করার জন্য ব্যবহার করে আসছে। কিন্তু সেটার মোকাবিলা এখন আমেরিকা করতে পারে।’
উল্লেখ্য, চলতি বছর আগস্ট মাসেই কানাডার উপর ৩৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। যা এবার ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে বেড়ে দাঁড়িয়েছে ৪৫ শতাংশ।
