উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক বছরে ৮৫ হাজার ভিসা বাতিল করেছে আমেরিকা (US)! জানুয়ারি থেকে এই ভিসা বাতিলের সংখ্যা জানিয়েছে আমেরিকার বিদেশ দপ্তর। তার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের (Donald Trump) কঠোর অভিবাসন নীতিকে।
এক্স হ্যান্ডলে পোস্ট করে ৮৫ হাজার ভিসা বাতিলের কথা জানিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। সেই সঙ্গে একটি বার্তা দিয়ে লেখা, ‘আমেরিকাকে আবার নিরাপদ করে তুলুন!’ আমেরিকার বিদেশ দপ্তরের এক আধিকারিককে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বাতিল হওয়া ভিসার মধ্যে আট হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছেন। গত বছর যত সংখ্যক পড়ুয়াদের ভিসা বাতিল করেছে আমেরিকা, এই সংখ্যা তার দ্বিগুণ।
ভিসা বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক ভিসা বাতিল হয়েছে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। পাশাপাশি, কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজা নিয়ে বিক্ষোভের কারণেও বহু বিদেশি পড়ুয়াকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইহুদি বিদ্বেষ বা চরমপন্থী গোষ্ঠীর সমর্থনের অভিযোগেও অনেক বিদেশি পড়ুয়ার ভিসা বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। মার্কিন প্রশাসন ইতিমধ্যে বিশ্বের ১৯টি দেশের নাগরিকের ভিসা অনুমোদন বন্ধ করেছে। সেই তালিকা আরও বাড়তে পারে।
