উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিত্যনতুন অদ্ভুত ফ্যাশন স্টাইল এবং খোলামেলা মন্তব্যের জন্য তিনি বরাবরই চর্চার কেন্দ্রে থাকেন। কিন্তু এবার কোনো পোশাক বা পোশাকের বিতর্ক নয়, উরফি জাভেদ (Uorfi Javed) খবরের শিরোনামে এলেন সম্পূর্ণ ভিন্ন কারণে। হাসপাতালের বিছানায় শায়িত উরফি— হাতে স্যালাইনের চ্যানেল, মুখে চোখে একরাশ ক্লান্তি। সমাজমাধ্যমে এই ছবি ভেসে উঠতেই তীব্র উদ্বেগ তৈরি হয়েছে তাঁর অগণিত অনুরাগীদের মনে।
হাসপাতালের বেড থেকে নেওয়া সেই ছবির ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে ‘ইতনি শক্তি হমে দে না দাতা’ গানটি। হালকা মেজাজে নিজের অভ্যাস বজায় রেখেই উরফি লেখেন, “বছরে অন্তত এক বার তো হাসপাতালে ভর্তি হতেই হবে”। এমনকি অ্যানাস্থেসিয়া বা অপারেশনের আগে অজ্ঞান করার ওষুধ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে রসিকতার সুরে লিখেছেন, “অ্যানাস্থেসিয়ার আবার আলাদা একটা মজা আছে!”
তবে ঠিক কী শারীরিক সমস্যার কারণে উরফিকে হাসপাতালে ভর্তি (Hospitalized) হতে হল, তা এখনও স্পষ্ট নয়। উরফি বা তাঁর জনসংযোগ টিমের তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। ফলে তাঁর অসুস্থতা নিয়ে স্বাভাবিকভাবেই দানা বাঁধছে নানা জল্পনা।

