উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : বীরভূমের ‘পাথরসম্রাট’ হিসেবে পরিচিত টুলু মণ্ডলের কোটি কোটি টাকার বেআইনি সম্পদ বাজেয়াপ্তের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই দুর্নীতির নেপথ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছিল বলে অভিযোগ তোলেন তিনি। এই কাণ্ডে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু বলেন, “টুলু মণ্ডলের বিভিন্ন অ্য়াকাউন্টে থাকা ৯৩ কোটি টাকা ফ্রিজ করেছি। এছাড়া নগদ ৫৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ২৬৮ গ্রাম সোনা, ৪০০ গ্রাম রুপো ও ৬৩ গ্রাম প্ল্যাটিনাম, ৩টি টাকা গোনার মেশিন, ১ কম্পিউটার ও সিপিইউ, ২টি পেনড্রাইভ পাওয়া গিয়েছে। ৮৩টি ট্রাক ও ডাম্পার। বিএমডব্লিউ, অডি মিলিয়ে মোট ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।” শুভেন্দু আরও বলেন, “মোট ২১টি সম্পত্তির খোঁজ। তার মধ্যে রয়েছে ৭টি বাড়ি, ১টি ফার্মহাউস, ২টি পেট্রল পাম্প, ১টি পার্কিং, ২টি ক্রাশার। সবমিলিয়ে ৩০০ বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে।”
ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “মূল মাথার খোঁজে যা যা করার করব। এত বড় দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। এতদিন ধরে এত বড় দুর্নীতি, সবাই যুক্ত রয়েছে। এটা একদিনের ঘটনা নয়। এত সম্পত্তি তো একদিনে হয় না। তবে যারা যুক্ত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে অভিযুক্ত টুলু মণ্ডল পলাতক। গত ৪ মে-র পরই তিনি বিদেশে গা ঢাকা দিয়েছেন বলে অনুমান মুখ্যমন্ত্রীর। তবে তদন্তকারীরা শীঘ্রই টুলুকে খুঁজে বের করবেন বলে আশা প্রকাশ করেন শুভেন্দু।

