চালসা: ডুয়ার্সে ফের বন্যপ্রাণের তাণ্ডব। শুক্রবার গভীর রাতে মাটিয়ালি (Chalsa) ব্লকের পূর্ব বাতাবারি ডাঙ্গাপাড়া এলাকায় একটি হাতির হানায় (Elephant Assault) ভেঙে গুঁড়িয়ে গেল বসতবাড়ি। নষ্ট হয়েছে ঘরের ভেতরের আসবাবপত্র। মাঝরাতে মুষলধারে বৃষ্টির মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে যখন চারিদিকে মুষলধারে বৃষ্টি পড়ছিল, ঠিক তখনই ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রুস্তম ওরাওঁ-এর বাড়িতে চড়াও হয় একটি হাতি। হাতিটি সজোরে ধাক্কা মেরে তাঁর ঘরের একটি কংক্রিটের দেওয়াল ভেঙে ফেলে। দেওয়াল ভাঙার বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় বাড়ির লোকজনের। বিপদ বুঝে তাঁরা তড়িঘড়ি ঘর থেকে বাইরে পালিয়ে যান এবং কোনো রকমে প্রাণে বাঁচেন। এলাকায় প্রায় আধ ঘণ্টা ধরে তাণ্ডব চালানোর পর হাতিটি পুনরায় এলাকা ছেড়ে চলে যায়।
শনিবার সকালে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে যান স্থানীয় বিজেপি যুব মোর্চার নেতা বিশাল কুমার সহ অন্যান্যরা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। ঘর হারিয়ে বর্তমানে চরম বিপাকে পড়েছেন রুস্তম ওরাওঁ। তিনি বনদপ্তরের কাছে দ্রুত ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন। এই বিষয়ে বন দপ্তর (Forest Division) সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট ফর্মে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে।
