উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : তৃণমূলের নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক কোন শিবির পাবে? সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী চার মাসের মধ্যে নির্বাচন কমিশনকে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ, তৃণমূলের প্রতীক নিয়ে চার সপ্তাহের মধ্যে দু’পক্ষের বক্তব্য শোনার কাজ শেষ করতে হবে। তার পর তিন মাসের মধ্যে প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। যার অর্থ, পুজোর পর হতে চলা পুরভোট কিংবা এই সময়ের মধ্যে হওয়া অন্য নির্বাচনগুলিতে অস্থায়ী প্রতীক নিয়েই লড়তে হবে মমতা তৃণমূল এবং ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূলকে। রাজনৈতিক মহলের অনুমান, জানুয়ারির মধ্যে নাম এবং প্রতীক নিয়ে চূড়ান্ত ফয়সালা হবে।
এদিকে, সোমবারের শুনানিতে মমতা তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতীক সংক্রান্ত বিষয়টির দ্রুত নিষ্পত্তি চেয়ে আদালতে আর্জি জানান। কমিশনের কাছে দু’পক্ষের সওয়াল-জবাব প্রক্রিয়া শেষ হয়েছে কি না, জানতে চায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। মমতা তৃণমূল তাতে সম্মতিসূচক উত্তর দিলেও ঋতব্রত তৃণমূলের তরফে আইনজীবী মুকুল রোহতগি কমিশনের কাছে বক্তব্য জানানোর জন্য ছ’সপ্তাহ সময় চান। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, চার সপ্তাহের মধ্যে দু’পক্ষের বক্তব্য শোনার প্রক্রিয়া শেষ করতে হবে কমিশনকে। তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন মাস সময়।
১৭ সেপ্টেম্বর রাতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, আপাতত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং ‘জোড়াফুল’ প্রতীক ‘ফ্রিজ’ করছে তারা। ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে দুই শিবিরের অন্তর্বর্তী নাম এবং প্রতীক চূড়ান্ত করে কমিশন। মমতা শিবিরের নাম হয় ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। তারা আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে লড়ছে ‘ফুটবলার’ প্রতীকে। ঋতপন্থী শিবিরের নাম হয় ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’। তাদের প্রতীক ‘খাম’।
প্রতীক এবং দলের নাম ‘ফ্রিজ’ হওয়ার পর কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আদালতে নিজেদের বক্তব্য জানায় কমিশন। সব শুনে শীর্ষ আদালত তৃণমূলের নাম এবং প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশনকে সময় বেঁধে দিয়েছে।
The submit Trinamool symbol dispute | আপাতত ফ্রিজেই থাকছে ‘জোড়াফুল’ প্রতীক, বিতর্কের নিষ্পত্তি করতে কমিশনকে সময়সীমা দিল সুপ্রিম কোর্ট appeared first on Uttarbanga Sambad.
