চোপড়া: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত চোপড়ার মাঝিয়ালি এলাকা। মাঝিয়ালির কাঁচাকালী বাজার এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন দলীয় কার্যালয়টিতে একসময় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল পদ্ম শিবিরের বিরুদ্ধে (TMC workplace seize BJP)। সেই কার্যালয়টিকে বুধবার গেরুয়া রঙে রাঙানোর উদ্যোগ নিলে বিজেপির অন্দরেই দেখা দেয় তীব্র মতবিরোধ। দলের একাংশ রঙ করার কাজে হাত দিলে অন্য পক্ষ তাতে বাধা দেয়, যার ফলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিজেপির ২ নম্বর মন্ডল সভাপতি নিত্য পালের নেতৃত্বে একাংশ কর্মীরা তৃণমূলের প্রাক্তন ওই কার্যালয়টি গেরুয়া রঙে রাঙাতে শুরু করেন এবং বিজেপির পতাকা লাগান। এই কাজে আপত্তি জানিয়ে বিজেপিরই অন্য একটি পক্ষ বাধা দিলে দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি বরুন সিংহ এই ঘটনার প্রেক্ষিতে জানান, “দলের শীর্ষ নির্দেশ রয়েছে যে বিরোধীদের কার্যালয় দখল করা যাবে না। ওই জায়গাটি স্থানীয় একটি পুজো কমিটির। স্থানীয় বাসিন্দারা এবং দলের একাংশ চাইছেন, এখানে নতুন করে কোনো রাজনৈতিক কার্যালয় না করে জায়গাটি দখলমুক্ত করে পুজোর কাজে ব্যবহার করতে দেওয়া হোক।” তবে এ বিষয়ে অভিযুক্ত মন্ডল সভাপতি নিত্য পাল কোনো মন্তব্য করতে চাননি।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ বলেন, “নির্বাচন পরবর্তী হিংসায় আমাদের কার্যালয়ের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর থেকে আমাদের কর্মীরা আর ওই কার্যালয়ে যাননি। এখন নতুন করে সেখানে কী ঘটেছে, তা আমরা খোঁজ নিয়ে দেখছি।”
