শচীন তেণ্ডুলকরকে কি কখনও অস্ট্রেলিয়ার কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যেত? শুনতে অবিশ্বাস্য লাগলেও, এমনটাই একসময় ভাবা হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও শচীনের জনপ্রিয়তা তখন তুঙ্গে। পরিকল্পনা ছিল, তাঁকে অবসর ভাঙিয়ে ফিরিয়ে আনার। ফাঁস চমকে দেওয়ার মতো তথ্য।
মেলবোর্ন স্টারস দলের তৎকালীন চেয়ারম্যান এডি ম্যাকগুয়ের এক সাক্ষাৎকারে জানান, তাঁরা বিশেষ এক ম্যাচের জন্য শচীনের অবসর ভাঙিয়ে তাঁকে দলে আনার পরিকল্পনা করেছিলেন। শুধু তাই নয়, পরিকল্পনা ছিল শেন ওয়ার্নকেও একই দলে নেওয়ার। একদিকে ব্যাট হাতে শচীন, অন্যদিকে বল হাতে ওয়ার্ন – এমন স্বপ্নই দেখেছিলেন তাঁরা।
আরও পড়ুন:
ম্যাকগুয়েরের কথায়, “দলে তখন বড় তারকার অভাব ছিল। দর্শক টানতে এমন কিছু করতে চেয়েছিলাম, যা গোটা ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলবে।” তিনি আরও বলেন,“অনেক আন্তর্জাতিক ক্রিকেটার নেওয়া হচ্ছিল, কিন্তু সবাই সব ম্যাচ খেলত না। তাই বলেছিলাম, অন্তত একজন বড় তারকা আনার সুযোগ থাকুক। যদি শচীওনকে আনা যায়, মাঠ পাঁচবার ভর্তি হয়ে যাবে।”
পরিকল্পনা ছিল গ্র্যান্ড ফাইনালের মতো বড় মঞ্চে এক ম্যাচের জন্য শচীনকে নামানো। সেই প্রসঙ্গে তিনি বলেন, “ভাবুন তো, এক ম্যাচের জন্য শচীন আর ওয়ার্ন একসঙ্গে খেলছে! আমরা দর্শক সামলাতে পারতাম না। মাঠের বাইরে বড় বড় স্ক্রিন বসাতে হত। সেটাই হতো অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচ।” তবে শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ২০১৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি শচীন।
বিগ ব্যাশে না খেললেও পরে বিশেষ কিছু প্রদর্শনী ম্যাচে তাঁকে দেখা গিয়েছে তাঁকে। ২০১৫ সালের ‘ক্রিকেট অল স্টারস’ সিরিজে তিনি শেন ওয়ার্নের সঙ্গে একই দলে খেলেন। এছাড়া ২০২০ সালের ‘বুশফায়ার ক্রিকেট ব্যাশ’-এও তিনি মাঠে নেমেছিলেন। এই ম্যাচের লক্ষ্য ছিল, অস্ট্রেলিয়ার দাবানল ক্ষতিগ্রস্তদের সাহায্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
