উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আগামী ৩ অক্টোবর কলকাতায় (Kolkata) হাইভোল্টেজ ব্রাজিল ম্যাচ। তার আগে তিলোত্তমা নগরীতে ফুটবলের উন্মাদনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়ে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু (Cafu)। সোমবার রাজ্যে এসে একদিকে যেমন তিনি শিল্প ও ফুটবল বাণিজ্য বিষয়ক আলোচনা সভায় যোগ দিলেন, তেমনই সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। পাশাপাশি শহরের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ফুটবল তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন এই ফুটবল কিংবদন্তি।
সোমবার বিএনসিসিআই (BNCCI)-এর উদ্যোগে আয়োজিত ভারতীয় ফুটবলের আগামী দিনের রোডম্যাপ এবং ফুটবল বাণিজ্য সংক্রান্ত একটি বিশেষ আলোচনা চক্রে অংশ নেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ডিফেন্ডার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায় এবং ময়দানের চেনা মুখ ব্রাজিলীয় ফুটবলার ব্যারেটো। এরপর নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাফু। ব্রাজিলীয় তারকার পক্ষ থেকে সই করা জার্সি ও ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে কাফুর হাতে তুলে দেওয়া হয় ফ্রেমে বাঁধানো স্বামী বিবেকানন্দের ছবি। যদিও দুজনের এই সাক্ষাতে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গেই নয়, এদিন কাফুর উপস্থিতি নজর কেড়েছে সাধারণ মানুষের মধ্যেও। দত্তাবাদের সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের হাতে ফুটবল তুলে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় কাফুকে ধন্যবাদ জানিয়ে বলেন, কাফুর জীবন এবং তাঁর শৃঙ্খলা ও পরিশ্রম তরুণ প্রজন্মের কাছে একটি বড় অনুপ্রেরণা।

