TMC-BJP | সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ির সামনে ‘যুবরাজ’ অভিষেক! হোর্ডিং ঘিরে নজিরবিহীন দ্বন্দ্বে তৃণমূল-বিজেপি

TMC-BJP | সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ির সামনে ‘যুবরাজ’ অভিষেক! হোর্ডিং ঘিরে নজিরবিহীন দ্বন্দ্বে তৃণমূল-বিজেপি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী (Swami Vivekananda Jayanti) উপলক্ষে সকাল থেকেই উত্তর কলকাতার সিমলা স্ট্রিট ছিল সরগরম। কিন্তু উৎসবের আবহে ঘি ঢালে একটি রাজনৈতিক হোর্ডিং। জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তের উদ্যোগে বিবেকানন্দের বাড়ির ঠিক সামনেই লাগানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একটি বিশাল হোর্ডিং, যেখানে লেখা ছিল ‘স্বাগতম যুবরাজ।’ হোর্ডিংটিতে স্বামীজির কোনও ছবি না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেতৃত্ব।

এদিন সকালে সিমলা স্ট্রিটে (Simla Road Controversy) শ্রদ্ধা জানাতে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বলেন, ‘স্বামীজিই এই দেশের আসল যুবরাজ। ৩৩ বছর ধরে এখানে আসছি, হোর্ডিংয়ে নিজের নাম পর্যন্ত লিখি না। সেখানে মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্রকে যুবরাজ লেখা চরম ঔদ্ধত্যের পরিচয়।’ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) আরও আক্রমণাত্মক মেজাজে বলেন, ‘একসময় এখানে স্বামীজি ঘুরে বেড়াতেন, আর এখন কয়লা চোর-গোরু চোরেরা ঘুরে বেড়ায়। এদের উৎখাত না করলে এই মাটিতে আর বিবেকানন্দের মতো প্রতিভা জন্মাবে না।’ এদিন বিজেপির পক্ষ থেকে একটি ‘বিবেক যাত্রা’রও আয়োজন করা হয়েছিল।

বিজেপির অভিযোগকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘জনপ্রিয় নেতাকে তাঁর অনুগামীরা বিভিন্ন নামে ডাকেন। কর্মীরা অভিষেককে ভালোবেসে ‘যুবরাজ’ সম্বোধন করেন, এতে স্বামীজিকে অপমান করার কোনও প্রশ্নই ওঠে না।’ দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সুকান্ত মজুমদারকে আক্রমণ করে বলেন, ‘সুকান্তবাবু নিজেই একসময় স্বামীজিকে ‘কনফিউজড লেফটিস্ট’ বলেছিলেন। তাই বিজেপির মুখে বিবেকানন্দের সম্মান নিয়ে কথা মানায় না। স্বামীজি বাঙালির আবেগ ও আত্মমর্যাদার প্রতীক।’

বিজেপির প্ল্যাকার্ডে থাকা ‘গর্ব করে বলো আমি হিন্দু’ বাণীর সমালোচনা করে শশী পাঁজা পালটা দাবি করেন, ‘গর্ব করে বলো আমি মানুষ।’ তৃণমূলের দাবি, বিজেপি রামকৃষ্ণ মিশনের প্রধান মহারাজের নির্দেশ অমান্য করে সিমলা স্ট্রিটে ভিড় ও রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে।

বিকেল নাগাদ অভিষেকের সিমলা স্ট্রিটে যাওয়ার কথা থাকলেও সকাল থেকেই এই হোর্ডিং বিতর্ককে কেন্দ্র করে সরগরম কলকাতার রাজপথ। একদিকে যখন বিজেপি একে ‘বাঙালির আবেগে আঘাত’ বলছে, তৃণমূল তখন একে ‘কর্মীদের উচ্ছ্বাস’ হিসেবেই বর্ণনা করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *