উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের ৬ সদস্যের প্রতিনিধি দল। আগরতলা পৌঁছতেই বিমানবন্দরের বাইরে ধর্নায় বসলেন কুণাল, সায়নী, বীরবাহা সহ বাকি সদস্যরা। বুধবার দুপুরে তৃণমূল কংগ্রেসের সদস্যরা ত্রিপুরায় পা রাখতেই পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ! পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান প্রতিনিধি দলের সদস্যরা। অটো বা প্রিপেড ট্যাক্সিও বুক করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন কুণাল। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই অভিযোগে তাঁদের বিমানবন্দর চত্বর ছাড়তে বাধা দেওয়া হচ্ছে। অগত্যা বাধ্য হয়েই কুণাল ঘোষ, সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডল, সুদীপ রাহা, সুস্মিতা দেব, বীরবাহা হাঁসদা বিমানবন্দরে ধর্নায় বসেন।
