উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্ৰফের (Tiger Shroff) গাড়িতে অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। সোমবার রাজস্থানের কোটা শহর থেকে এই ঘটনার মূল তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থান পুলিশের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স এবং কোটা সিটি পুলিশ যৌথ অভিযান চালিয়ে রেলওয়ে কলোনি এলাকা থেকে তাদের পাকড়াও করে।
ধৃত তিন অভিযুক্তের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তাদের মধ্যে দু’জন—ফুল সিং এবং রেহান—হরিয়ানার বাসিন্দা এবং অন্য জন বিহারের বাসিন্দা। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও দু’জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজনকে মহারাষ্ট্র-গুজরাট সীমান্ত থেকে ধরা হয়েছে।
রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ম্যাচ খেলে গাড়ি করে ফিরছিলেন টাইগার শ্ৰফ। সেই সময়ই বাইকে করে এসে অভিনেতার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। এই আকস্মিক হামলায় টাইগার শ্ৰফ অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ফিরদৌস এবং চৌহান নামের এক অটোচালক আহত হন। হামলার সময় টাইগার গাড়ির পাশে বসেছিলেন, তবে গুলি চলার সঙ্গে সঙ্গেই তিনি চালকের আসনের দিকে সরে আসেন।
সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। ফুটেজে দেখা গেছে, দুই দুষ্কৃতী গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি চালাচ্ছে এবং তৃতীয় জন মোটরসাইকেল নিয়ে তাদের পালানোর জন্য প্রস্তুত দাঁড়িয়ে রয়েছে। অপরাধের পর আন্ধেরি রেলস্টেশনের কাছে হামলাকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়, যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। মুম্বইয়ে নিবন্ধিত ওই বাইকটির ইঞ্জিন ও চেসিস নম্বর খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই হামলার নেপথ্যে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করেও নতুন করে হুমকি দেওয়া হয়েছে এই গ্যাংয়ের পক্ষ থেকে। বর্তমানে ধৃতদের জেরা করে এই ষড়যন্ত্রের পেছনের অন্য অপরাধীদের খোঁজার চেষ্টা চালাচ্ছে যৌথ তদন্তকারী দল।

