Patiram | লক্ষ্মীর ভান্ডার না কি অন্নপূর্ণার ভান্ডার? টাকা না ঢোকায় সিএসপি কেন্দ্রে ভিড় বাড়ছে মহিলাদের

Patiram | লক্ষ্মীর ভান্ডার না কি অন্নপূর্ণার ভান্ডার? টাকা না ঢোকায় সিএসপি কেন্দ্রে ভিড় বাড়ছে মহিলাদের

শিক্ষা
Spread the love


বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: সকাল থেকেই পতিরামের (Patiram) বিভিন্ন সিএসপি কেন্দ্রে ভিড় করছেন গ্রামের মহিলারা। হাতে আধার কার্ড, ব্যাংকের পাসবই কিংবা অ্যাকাউন্ট নম্বর লেখা কাগজ। প্রত্যেকের একটাই প্রশ্ন— ‘লক্ষীর ভান্ডারের (lakshmir-bhandar) টাকা ঢুকেছে?’ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই উত্তর মিলছে, এখনও টাকা আসেনি। আর সেই উত্তর শুনেই হতাশ মুখে বাড়ি ফিরছেন বহু নিম্নবিত্ত পরিবারের গৃহবধূরা।

পতিরাম শহরতলির বাসিন্দা পুতুল মহন্ত গত তিনদিনের মধ্যে দু’দিন সিএসপিতে এসে খোঁজ নিয়েছেন। কিন্তু এখনও তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তিনি বলেন, ‘আজ আর পরশু দুইদিন এলাম। সবাই বলছে টাকা ঢোকে নি। বুঝতে পারছি না কবে পাব। এই টাকার উপরই অনেক কিছু নির্ভর করে।’

গ্রামের বহু পরিবারের কাছে লক্ষীর ভান্ডারের এই টাকা শুধুমাত্র সরকারি অনুদান নয়, সংসার চালানোর ভরসা। কেউ এই টাকা দিয়ে সন্তানের টিউশনের বেতন দেন, কেউ দুধ-ফল কেনেন, কেউ আবার চাল, ডাল বা ওষুধ কিনে মাস কাটান। অনেকের মাইক্রো ফিন্যান্সের কিস্তিও এই টাকার উপর নির্ভরশীল।

চুমকি রায় নামে এক গৃহবধূ বলেন, ‘মাসের ছয় সাত তারিখে টাকা তুলে ছেলের জন্য ফল কিনে নিয়ে যাই। দুধওয়ালাকেও টাকা দিই। কিন্তু এই মাসে এখনও টাকা ঢোকে নি। কীভাবে চলবে বুঝতে পারছি না।’

বর্তমানে রাজনৈতিক পালাবদলের আবহে পরিস্থিতি আরও বিভ্রান্তিকর হয়ে উঠেছে। চার মে নির্বাচনের ফলাফলে রাজ্যে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা স্পষ্ট হলেও আনুষ্ঠানিকভাবে এখনও নতুন সরকার দায়িত্ব নেয়নি। ৯ মে তারিখে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। এই আবহে লক্ষীর ভান্ডারের টাকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। বিজেপির ঘোষিত ‘অন্নপূর্ণার ভান্ডার’ (Annapurnar Bhandar)-এ ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতির কথাও গ্রামে গ্রামে আলোচনায় উঠে আসছে।

সাথী মণ্ডল নামে এক মহিলা বলেন, ‘সবাই বলেছিল বিজেপি এলেই ৩০০০ টাকা করে দেবে। কিন্তু এখন যদি সেটাও না দেয়? এই টাকাটা না পেলে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে!’

সিএসপি কর্মী সৌমিক চ্যাটার্জি জানান, ‘গতকাল থেকে প্রচুর মহিলা এসে খোঁজ নিচ্ছেন। সবাই খুব চিন্তায় আছেন।’

তবে তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু আশ্বস্ত করে বলেন, ‘আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পালন করবই। তবে আগে সরকার গঠন হোক।’ যদিও এ বিষয়ে কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *