শুভজিৎ দত্ত, নাগরাকাটা: তৈরি চায়ের মিনিমাম সাস্টেনেবল প্রাইস (এমএসপি) (Tea MSP proposal) চালুর জন্য কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকে সুপারিশ করল টি বোর্ড গঠিত ১০ সদস্যের কমিটি। চায়ের উৎপাদন ব্যয় এবং বিক্রয়মূল্যের ক্রমবর্ধমান ব্যবধান মোকাবিলায় বিষয়টিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন, টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ইউনাইটেড প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন অফ সাউদার্ন ইন্ডিয়া, কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনস এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান টি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সংগঠনগুলির তরফে সাংবাদিক বৈঠক করা হয়। চা উৎপাদকদের জন্য লাভজনক রিটার্ন নিশ্চিত করা, ক্ষুদ্র চা চাষিদের স্বার্থ রক্ষা এবং চা শিল্পকে আরও মজবুত করতে এমএসপি যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে চা শিল্প মহলের আশা।
ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক দেশ। বছরে মোট উৎপাদন প্রায় ১,৩৫০-১,৪০০ মিলিয়ন কিলোগ্রাম। তার মধ্যে ক্ষুদ্র চা চাষিদের অবদান দেশের মোট উৎপাদনের প্রায় ৫৫ শতাংশ। উত্তরবঙ্গের মোট উৎপাদন ৪২০ মিলিয়ন কিলোগ্রাম। এর মধ্যে ক্ষুদ্র চা চাষিদের অবদান ৬৮ শতাংশ।
ক্ষুদ্র চা চাষিদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও টি বোর্ডের এমএসপি বিষয়ক কমিটির অন্যতম সদস্য বিজয়গোপাল চক্রবর্তী বলেন, ‘ক্ষুদ্র চা চাষিদের কাঁচা পাতার ন্যূনতম মূল্য যাতে কিলোপ্রতি ৩৫ টাকা করা হয়, এমন সুপারিশ করা হয়েছে। চা শিল্পে এমএসপি চালু হলে নতুন করে আশার আলো দেখা যাবে।’

