Tata group sells Jamshedpur FC ISL license | ১০০ টাকার প্রতীকী চুক্তিতে বিক্রি জামশেদপুর এফসির লাইসেন্স! আইএসএলে এন্ট্রি চার্চিল ব্রাদার্সের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ টাটা কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন, জামশেদপুর এফসি আর পেশাদার ফুটবল খেলবে না এবং তাদের মূল নজর থাকবে ফুটবলার তৈরির ওপর। সেই সিদ্ধান্ত মতোই এবার আইএসএলের লাইসেন্স বিক্রির প্রক্রিয়া শুরু করল টাটা কর্তৃপক্ষ। নামমাত্র ১০০ টাকার প্রতীকী চুক্তির মাধ্যমে চার্চিল ব্রাদার্সের সঙ্গে এই সমঝোতা সম্পন্ন হয়েছে (Tata group sells Jamshedpur FC ISL license)। সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) সিলমোহর দিলেই লাইসেন্স হস্তান্তরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

‘রেভ স্পোর্টস’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার জামশেদপুর এফসির ৪.০৮ কোটি টাকার শেয়ারের চুক্তিতে সই করেছে টাটা স্টিলের বোর্ড অফ ডিরেক্টর্স। চার্চিল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন যে তাঁরা জামশেদপুরের লাইসেন্স কিনতে সম্পূর্ণ প্রস্তুত। তবে পুরো শেয়ার হস্তান্তর প্রক্রিয়া শেষ হতে আনুমানিক অন্তত ১৫ দিন সময় লাগবে এবং অগস্ট মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যান্য ক্লাবের লাইসেন্স নিয়ে আইএসএল খেলার নজির অবশ্য নতুন নয়; অতীতে এটিকে-র লাইসেন্স নিয়ে মোহনবাগান এবং হায়দরাবাদ এফসির লাইসেন্স নিয়ে স্পোর্টিং ক্লাব দিল্লি খেলেছে। সেই দিক থেকে চার্চিলের ক্ষেত্রেও বড় কোনো বাধা থাকার কথা নয়।

আইএসএল থেকে জামশেদপুর এফসি নিজেদের তুলে নেওয়ায় টাটা গোষ্ঠীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। সেই জন্য গত ১২ আগস্ট পর্যন্ত সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যে টাটা কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর তার ঠিক দুদিনের মাথায় চার্চিলের সঙ্গে এই প্রতীকী চুক্তি করে কার্যত স্পষ্ট করে দেওয়া হলো যে, আগামী দিনে আইএসএলের মানচিত্রে আর দেখা যাবে না জামশেদপুর এফসিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *