JP Nadda | অসুস্থ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে, কেমন আছেন তিনি?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভূত হওয়ায় দিল্লির এইমস (AIIMS)-এ ভর্তি করা হল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)-কে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছেন এবং কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। রাজনৈতিক মহলে তাঁর এই আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার হঠাৎই শারীরিক অস্বস্তি বোধ করায় জেপি নাড্ডাকে দ্রুত এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জরুরি ভিত্তিতে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এর অংশ হিসেবে তাঁর করোনারি অ্যাঞ্জিওগ্রাফিও (Coronary Angiography) করা হয়েছে। এইমসের কার্ডিওলজি বিভাগের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে যে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে, তবে সুরক্ষার খাতিরে তাঁকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, হিমাচল প্রদেশের বাসিন্দা জগত প্রকাশ নাড্ডা ১৯৬০ সালের ২ ডিসেম্বর পাটনায় জন্মগ্রহণ করেন। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জনের পর ছাত্রজীবনেই জয়প্রকাশ নারায়ণের বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সঙ্গে দীর্ঘ যুক্ত থাকার পর ১৯৮৯ সালে তিনি সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি হন এবং ১৯৯৩ সালে হিমাচল প্রদেশ বিধানসভায় প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়ে বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে ১৯৯৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও সামলান তিনি।

পরবর্তী সময়ে সর্বভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ২০১০ সালে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক এবং ২০১২ সালে রাজ্যসভার সাংসদ হন নাড্ডা। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দায়িত্ব সফলভাবে সামলানোর পর ২০১৯ সালের জুন মাসে দলের জাতীয় কার্যকরী সভাপতি এবং ২০২০ সালের জানুয়ারিতে ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি দেশের স্বাস্থ্যমন্ত্রীর গুরুদায়িত্ব সামলাচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে শুভানুধ্যায়ীরা প্রার্থনা করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *