উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী সপ্তাহেই ভারতে আসতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman India go to)। কূটনৈতিক সূত্রে খবর, ২০ থেকে ২৫ অগাস্টের মধ্যে দুই দিনের সফরে ভারতে আসার কথা রয়েছে তাঁর। আর যদি এই সফর চূড়ান্ত হয়, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটাই হবে তারেকের প্রথম ভারত সফর।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেলি স্টার’ এবং সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, তারেকের সম্ভাব্য এই ভারত সফর নিয়ে দুই দেশের শীর্ষপর্যায়ের প্রতিনিধিরা ইতিমধ্যেই আলোচনা চালিয়ে যাচ্ছেন। আগামী ২০-২১ অথবা ২১-২২ আগস্ট—এই সময়ের মধ্যে সফরসূচি চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী ঢাকায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর দিল্লি ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। যদিও সেই বৈঠকের বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে কূটনৈতিক মহলের অনুমান, তারেকের এই দ্বিপাক্ষিক সফর সংক্রান্ত বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সেই সম্মেলনে তারেকের যোগ না দেওয়ার সম্ভাবনা থাকায় অগস্টের শেষ দিকেই দ্বিপাক্ষিক সফর সেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে। কারণ সেপ্টেম্বরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসসিও (SCO) সম্মেলনে যোগ দিতে কিরঘিজস্তান সফরে যাবেন এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানও নিউ ইয়র্কে যাবেন। ফলে দুই দেশের সুবিধার্থে আগস্ট মাসকেই বেছে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাঁর রাজনৈতিক তৎপরতা নিয়ে সম্প্রতি দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপড়েন তৈরি হয়েছে। ঢাকার পক্ষ থেকে এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হলেও ভারত সরকারের অবস্থান স্পষ্ট যে, হাসিনার সংবাদ বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এর মাঝেই তারেকের সম্ভাব্য এই দিল্লি সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মোড় দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত দুই দেশের পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

