উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (WB Meeting Election 2026) পর এবার সংসদীয় প্রক্রিয়ার সূচনা। বুধবার থেকে বিধানসভায় শুরু হচ্ছে নবনির্বাচিত প্রার্থীদের বিধায়কপদে শপথগ্রহণ পর্ব। বুধ এবং বৃহস্পতিবার এই দু’দিন ধরে মোট ২৯০ জন বিধায়ক শপথ নেবেন। বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে প্রার্থীদের শপথবাক্য পাঠ করাবেন মানিকতলার জয়ী বিজেপি প্রার্থী তাপস রায় (Tapas Roy)।
মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল আরএন রবির (RN Ravi) কাছে প্রোটেম স্পিকার পদে শপথ নেবেন তাপস রায়। এরপর বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিধানসভায় শুরু হবে মূল পর্ব। এবারের শপথগ্রহণ অনুষ্ঠানটি জেলাভিত্তিক ভাগে সাজানো হয়েছে। বুধবার প্রথমার্ধেই শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা। একই সময়ে উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও বিধায়কপদে শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং দুই ২৪ পরগনার বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণের কথা রয়েছে।
রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা আসন থাকলেও এবার শপথ নিচ্ছেন ২৯০ জন। ফলতা আসনে নতুন করে নির্বাচন হওয়ায় একটি আসন আপাতত শূন্য। এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) নেতা হুমায়ুন কবীর দু’টি করে আসন থেকে জয়ী হয়েছেন। ফলে সব মিলিয়ে ২৯০ জন বিধায়ক আগামী দু’দিনে শপথবাক্য পাঠ করবেন। বৃহস্পতিবার প্রধমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম এবং দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানসহ বীরভূমের প্রার্থীরা শপথ নেবেন।
২০২৬-এর এই নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল জিতেছে ৮০টি আসনে। এছাড়া কংগ্রেস দু’টি, আম জনতা উন্নয়ন পার্টি দু’টি এবং সিপিএম ও আইএসএফ একটি করে আসনে জয়ী হয়েছে। নয়া সরকারের এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে এখন সাজ সাজ রব।
