উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যজুড়ে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ (Cow Slaughter Ban) করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের গত মে মাসের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court docket) দ্বারস্থ হলো তামিলনাডুর সরকার (Tamil Nadu)। রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের এই নির্দেশ স্ববিরোধী এবং এর ফলে প্রশাসনিক ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে।
উল্লেখ্য, গত মে মাসে কোয়েম্বাটুরের বাসিন্দা কে সূর্য প্রশান্তের দায়ের করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের বেঞ্চ রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করার নির্দেশ দেয়। দুধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নতির স্বার্থে ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ কার্যকর করার কথা বলেছিল আদালত। আদালতের পর্যবেক্ষণ ছিল, সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গোহত্যা নিষিদ্ধ হওয়া প্রয়োজন এবং এটি কোনো বাধ্যতামূলক ধর্মীয় রীতি নয়। ওই নির্দেশের পরই রাজ্যে গরু ও বাছুর জবাইয়ের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। তামিলনাড়ু সরকারের বক্তব্য, নিষেধাজ্ঞার পূর্বে রাজ্যের বিদ্যমান আইন—’তামিলনাড়ু প্রাণী সংরক্ষণ আইন, ১৯৫৮’ অনুযায়ী, শুধুমাত্র ১০ বছরের বেশি বয়সি, প্রজনন বা কৃষিকাজের জন্য অনুপযুক্ত এবং অসুস্থ গবাদি পশুদেরই নির্দিষ্ট জবাইখানায় কাটার অনুমতি ছিল। হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের ফলে এই আইনি কাঠামোর সঙ্গে সংঘাত তৈরি হচ্ছে বলে রাজ্যের অভিযোগ। এখন শীর্ষ আদালত এই বিষয়ে কী অবস্থান গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।

