উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ যন্তর মন্তরে বিক্ষোভকারীর বাবাকে মারধর করার অভিযোগে বিতর্কে জড়ানো স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজ (Swatantra Bhardwaj) পেল সাময়িক স্বস্তি। মঙ্গলবার দিল্লির একটি আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তাঁকে তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। গত সপ্তাহেই তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছিল আদালত।
ঘটনার সূত্রপাত নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস বিরোধী একটি আন্দোলনকে কেন্দ্র করে। দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র অবস্থান-বিক্ষোভ চলাকালীন প্রকাশ্যেই আন্দোলনকারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল স্বতন্ত্রের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, প্রতিবাদী ছাত্রী নিশু আজাদের বাবা সঞ্জয় কুমারকে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার মতো গুরুতর ঘটনার কথা নিজেই এক পডকাস্টে দম্ভভরে প্রচার করেছিলেন তিনি।
সেই পডকাস্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। ভিডিওতে দিল্লি বিজেপির সহ-সভাপতি কপিল মিশ্রকে নিজের ‘বড় ভাই’ বলে দাবি করার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের সঙ্গে নিজের সম্পর্কের কথাও বলেছিলেন তিনি। যদিও চিরাগ পাসোয়ান তৎক্ষণাৎ সমস্ত সম্পর্ক অস্বীকার করে তাঁর কঠোর শাস্তির দাবি জানান।
তীব্র জনরোষের মুখে পড়ে চলতি মাসের শুরুর দিকে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে স্বতন্ত্রকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পটিয়ালা হাউস আদালতে তোলা হলে প্রথমে তাঁকে পুলিশি হেপাজত এবং পরবর্তীতে গত ৬ সেপ্টেম্বর থেকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছিল। অবশেষে মঙ্গলবার দিল্লির আদালত নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তাঁকে তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিল।
The publish Swatantra Bhardwaj | পডকাস্টে হিংসার হুঙ্কার দিয়ে বিপাকে! যন্তর মন্তরে মারধরের ঘটনায় অন্তর্বর্তী জামিন পেল স্বতন্ত্র ভরদ্বাজ appeared first on Uttarbanga Sambad.
