উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার সংগীতজগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী (Widespread People Singer) স্বাগত দে (Swagata Dey)। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Passes Away)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তাঁর অকাল প্রয়াণে বাংলার সাংস্কৃতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গত ২ অগাস্ট আচমকাই ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন এই গুণী শিল্পী। প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার রাতেই সেখানে তাঁর জীবনাবসান ঘটে।
বারাসতের নবপল্লীর বাসিন্দা স্বাগত দে মূলত তুমুল জনপ্রিয় লোকগান ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। তবে শুধুমাত্র একটি ধারায় তিনি সীমাবদ্ধ ছিলেন না; ভাটিয়ালি সহ লোকসংগীতের বিভিন্ন শাখায় ছিল তাঁর স্বচ্ছন্দ ও সমান বিচরণ। বিশেষ করে, হারিয়ে যাওয়া এবং বিস্মৃতপ্রায় বহু লোকগানকে নিজের গায়কীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি এক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
তাঁর এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলার শিল্পীরা। জনপ্রিয় সংগীতশিল্পী জোজো মুখোপাধ্যায় সমাজমাধ্যমে শোকবার্তায় লিখেছেন, ‘তারাদের দেশে ভালো থেকো।’ লোকসংগীতের আঙিনায় স্বাগত দে-র অবদান অনুরাগীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

