উত্তরবঙ্গ সংবাদ অনলাইন: রাজ্যের শিল্প মানচিত্রে বড়সড় চমক আনতে সংক্ষিপ্ত সফরে বাণিজ্যনগরী মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Mumbai go to)। মূল লক্ষ্য একটাই—বাংলার মাটিতে নতুন মূলধন নিয়ে এসে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং থমকে থাকা শিল্পযাত্রাকে ফের সচল করা। পূর্বনির্ধারিত এই সফরে দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। মূলত রিলায়েন্স গোষ্ঠীর বর্তমান বাণিজ্যিক পরিধি বাংলায় আরও প্রসারিত করা এবং নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রগুলিতে লগ্নির আর্জি জানানোর জন্যই এই গুরুত্বপূর্ণ আলোচনা।
এই বৈঠকের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে গুজরাতে রিলায়েন্সের তত্ত্বাবধানে গড়ে ওঠা বিশ্বমানের বন্যপ্রাণ সংরক্ষণ ও চিকিৎসা প্রকল্প ‘বনতারা’ (Reliance Vantara)। শিল্পমহল ও প্রশাসনিক মহলের গুঞ্জন, পূর্ব ভারতেও এই ‘বনতারা’-র একটি শাখা স্থাপন করতে পারে আম্বানি গোষ্ঠী। রাজ্য প্রশাসনের ভাবনা, উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স কিংবা রাঢ়বঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের সুবিশাল অরণ্য অঞ্চল এই প্রকল্পের জন্য একেবারে উপযুক্ত। উল্লেখ্য, কিছুদিন আগেই পুরুলিয়া সফরে গিয়ে দক্ষিণবঙ্গের প্রথম বন্যপ্রাণ অভয়ারণ্য তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে এই আম্বানি প্রকল্পের রাজ্যে আসার সম্ভাবনা এখন অনেকটাই উজ্জ্বল।
গত মে মাসে রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সার্বিক অর্থনীতিকে চাঙ্গা (West Bengal business) করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। অতীতে সিঙ্গুর থেকে টাটাদের প্রস্থানজনিত শিল্পখরা কাটিয়ে ওঠাকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে নবান্ন। এই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিল্পমন্ত্রী তাপস রায় এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য লাগাতার দেশের শীর্ষ শিল্পপতিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এমনকি আধুনিক সময়ের চাহিদার কথা মাথায় রেখে ঢেলে সাজানো হয়েছে রাজ্য শিল্পনীতিও। মাত্র গত শনিবারই বিশিষ্ট শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক সেরেছেন শমীক ভট্টাচার্য। সেই ধারাবাহিকতা বজায় রেখেই মুম্বইয়ে মুকেশ আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক বাংলার অর্থনৈতিক পরিসরে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

