উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাখিবন্ধন উৎসব উপলক্ষে শুক্রবার যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডে আয়োজিত হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই মেগা অনুষ্ঠানকে কেন্দ্র করে সুরক্ষার তাগিদে এবং সংলগ্ন রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডে যান চলাচল বন্ধ থাকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গেট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। উল্লেখ্য, ছুটির দিন হওয়ায় এদিন বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন ও প্রশাসনিক কাজকর্ম বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ২, ৩, ৪ এবং ৫ নম্বর ফটক সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ক্যাম্পাসের ভিতরে থাকা আবাসিক, পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের যাতায়াতের সুবিধার্থে শুধুমাত্র ১ নম্বর গেট খোলা রাখা হবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড বন্ধ থাকার ফলেই ওই দিক সংলগ্ন দরজাগুলি সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।
শুক্রবার বিকেলে যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত হতে চলেছে ‘দশ হাজার কণ্ঠে বন্দে মাতরম’ শীর্ষক এক বিশাল অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং বিরাট জমায়েতের কথা মাথায় রেখে এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি বিশেষ র্যাম্প তৈরি করা হয়েছে। এই অনুষ্ঠানের কারণেই দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুবোধ মল্লিক রোডে সমস্ত রকমের যান চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে সড়ক পথ বন্ধ থাকার কথা বলা হলেও, ওয়াকিবহাল মহলের মতে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ ও অনভিপ্রেত কিছু বিশৃঙ্খলার ঘটনার পর কর্তৃপক্ষ আর নতুন করে কোনও ঝুঁকি নিতে রাজি নয়। রাজ্যের প্রশাসনিক প্রধানের হাই-প্রোফাইল অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে বা বাইরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে কারণেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

