Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নজিরবিহীন ‘ডাবল কবচ’! চন্দ্রনাথ খুনের পর শুভেন্দুর নিরাপত্তায় রাজ্য ও কেন্দ্র দুই বাহিনীই

Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নজিরবিহীন ‘ডাবল কবচ’! চন্দ্রনাথ খুনের পর শুভেন্দুর নিরাপত্তায় রাজ্য ও কেন্দ্র দুই বাহিনীই

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল প্রশাসন। গত ৬ মে রাতে মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) নৃশংস খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। সেই ছক কষা খুনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার মুখ্যমন্ত্রীর সুরক্ষায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। আপাতত ঠিক হয়েছে, কোনো একক বাহিনী নয়, বরং রাজ্য ও কেন্দ্র—দুই বাহিনীর সংমিশ্রণে এক অভেদ্য নিরাপত্তা বলয়ে থাকবেন মুখ্যমন্ত্রী।

২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ত্যাগ করার পর থেকেই শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে আসছেন। বিধানসভার বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর ওপর একাধিকবার হামলার চেষ্টা হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর নিরাপত্তা আরও জোরদার করেছিল। রাজ্য সরকার বারবার পুলিশি নিরাপত্তা দিতে চাইলেও তা এতদিন গ্রহণ করেননি তিনি। তবে শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রোটোকল অনুযায়ী রাজ্য পুলিশ তাঁর নিরাপত্তার দায়িত্বে আসার কথা। কিন্তু চন্দ্রনাথ রথকে খুনের ঘটনা বাংলা ও দিল্লি—উভয় পক্ষকেই চিন্তায় ফেলেছে।

নবান্ন সূত্রে খবর, বর্তমান পরিস্থিতির স্পর্শকাতরতা বিচার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুভেন্দুর পুরোনো কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এখনই প্রত্যাহার করছে না। অর্থাৎ, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের বিশেষ উইংও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবে।

তবে শুভেন্দু অধিকারী নিজে নিরাপত্তার ঘেরাটোপে থাকা বা বাড়তি কড়াকড়ি খুব একটা পছন্দ করেন না। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রাখতে অভ্যস্ত মুখ্যমন্ত্রী যাতে বিরক্ত না হন, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, মুখ্যমন্ত্রীকে সর্বোচ্চ স্তরের সুরক্ষা দেওয়া হবে ঠিকই, কিন্তু তাঁর জনসম্পর্ক বা কর্মসূচিতে যাতে কোনও বাধা না আসে, সেভাবেই পুরো ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে।

চন্দ্রনাথ খুনের পেছনে কোনও বড় ষড়যন্ত্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আর তার সমাধান না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এই ‘ডাবল লেয়ার’ বলয় বজায় রাখা হবে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *