নয়াদিল্লি: কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) শনিবার ভিনেশ ফোগটের (Vinesh Phogat) উদ্দেশে শোকজ নোটিশ জারি করেছে। যেখানে তাঁর বিরুদ্ধে একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। অভিজ্ঞ এই কুস্তিগিরের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ এবং ডোপিং-বিরোধী নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং ২০২৬ সালের ২৬ জুন পর্যন্ত তাঁকে ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়েছে। ৩১ বছর বয়সি এই অ্যাথলিট ইউডব্লিউডব্লিউ-এর ডোপিং-বিরোধী নিয়ম অনুযায়ী অবসর থেকে ফিরে আসার জন্য প্রয়োজনীয় বাধ্যতামূলক ছয় মাসের নোটিশ পিরিয়ড পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। ১৫ পাতার একটি নথিতে কুস্তি সংস্থাটি দাবি করেছে যে, ভিনেশের আচরণ জাতীয় স্তরে অস্বস্তি তৈরি করেছে এবং ভারতীয় কুস্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
