Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য! হুগলির ব্যান্ডেল থেকে গ্রেফতার এক প্রৌঢ়

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ সমাজমাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) উদ্দেশ্য করে কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। হুগলির ব্যান্ডেল এলাকার এই ঘটনায় স্থানীয় স্তরে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রৌঢ়ের নাম কার্তিক বণিক ওরফে ‘বাবু’। তিনি ব্যান্ডেলের হেমন্ত বসু কলোনির বাসিন্দা। প্রতিবেশীদের দাবি, পাড়ার চায়ের দোকান বা আড্ডায় তিনি প্রায়ই মুখ্যমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করতেন এবং কদর্য ভাষায় আক্রমণ করতেন। কিন্তু সম্প্রতি তিনি সরাসরি ফেসবুক লাইভ করে মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পরই সোচ্চার হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার আইটি সেলের নেতা শাশ্বত বন্দ্যোপাধ্যায় সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে চুঁচুড়া থানার দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ অভিযুক্ত কার্তিক বণিককে গ্রেফতার করে।

এই গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মাত্র পাঁচ মাসে যে কাজ করেছেন, তাতে মানুষের প্রচুর আশীর্বাদ পাচ্ছেন। তৃণমূল যাঁরা করতেন, তাঁদের বেশির ভাগের এখন কোনো কাজ নেই। ওদিকে দলটাও তো উঠে গিয়েছে। তাই মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করা এঁদের কাজ হয়ে দাঁড়িয়েছে। আমরা পুলিশ-প্রশাসনকে বলব, এঁদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।”

অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধৃত প্রৌঢ় একসময়ে তৃণমূলকে সমর্থন করতেন, যদিও তিনি কোনো সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। অন্যদিকে, পুলিশের কাছে ধৃত প্রৌঢ়ের সাফাই, তিনি সম্পূর্ণ মত্ত অবস্থায় ওই কাজ করে ফেলেছিলেন এবং এর জন্য তিনি দুঃখিত। পাশাপাশি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *