উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে (India U15 World Cup) জয় দিয়ে বর্ণময় অভিযান শুরু করল ভারত! আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে নিজেদের প্রথম ম্যাচে লাওসকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছে ভারতের তরুণ তুর্কি ‘ব্লু কল্টস’। কোচ বিবিয়ানো ফার্নান্ডেজের কোচিংয়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথম ম্যাচেই বাজিমাত করেছে জুনিয়র ভারতীয় দল। ভারতের হয়ে জোড়া গোল করেছেন আর লালরেমরুয়াতফেলা এবং একটি করে গোল করেছেন ম্যাকডোনিশ এনগাইরাংবাম ও রিষড়ার ছেলে সৌম্যজিৎ সরকার।
বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আয়োজন করেছে, যা মূলত ফুটবলের এক মহোৎসব হিসেবে পরিগণিত। ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে ১৮৯টি দেশ এই মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছে, যেখানে প্রায় ১০০০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ জনের দল নিয়ে অনুষ্ঠিত ২০ মিনিট প্রতি হাফের এই ম্যাচে শুরু থেকেই লাওসকে চেপে ধরে ভারত।
ম্যাচের ৩ ও ৪ মিনিটে দীপক সিং ও ম্যাকডোনিশের জোরালো চেষ্টা লাওস গোলরক্ষক আনুসিথ রুখে দিলেও, কিছুক্ষণের মধ্যেই প্রথম গোল পায় ভারত। দীপকের পাস থেকে প্রথম গোলটি করে ভারতকে এগিয়ে দেন ম্যাকডোনিশ। এর ঠিক পরেই ১১ মিনিটে দূরপাল্লার বাঁ পায়ের শটে ব্যবধান ২-০ করেন লালরেমরুয়াতফেলা।
ম্যাচ যখন ভারতের দিকে ঝুঁকে, তখনই ১২ মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে লাওসের হয়ে ব্যবধান কমান আনাভিন জায়গায়োন। বিরতির পর ২১ মিনিটে লাওসকে সমতায় ফেরান সুকসাভান সিলিসেং (২-২)।
তবে জোড়া গোল খেয়ে দমে যায়নি ভারতীয় জুনিয়ররা। ৩১ মিনিটে সৌম্যজিৎ সরকারের দেওয়া পাস থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ভারতকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন লালরেমরুয়াতফেলা। ঠিক দু’মিনিট পরেই (৩৩ মিনিটে) রিষড়ার সৌম্যজিৎ সরকার প্রায় মাঝমাঠের কাছ থেকে অবিশ্বাস্য এক দূরপাল্লার শটে লাওসের গোলরক্ষ মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে জয় সুনিশ্চিত করেন।
গ্রুপ পর্বে ৩ পয়েন্ট পকেটে পুরে রোববার (২৫ অক্টোবর) জোড়া কঠিন ম্যাচে মাঠে নামবে ভারত। সকাল সাড়ে ১০টায় ক্যামেরুন এবং বিকেল ৫টা ১৫ মিনিটে গ্রানাডার মুখোমুখি হবে ‘ব্লু কল্টস’। এরপর ২৬ অক্টোবর যোগ্যতা পর্বের শেষ দিনে দুপুর ২টো ১৫ মিনিটে বাহরাইন এবং রাত ৯টায় সেনেগালের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ভারতীয় দল। ভারতে সরাসরি দেখা যাচ্ছে FIFA+ on DAZN.com-এ।

