উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ অবশেষে সমস্ত জল্পনার মেঘ কেটে গেছে। আগামী ৬ অক্টোবর হাইভোল্টেজ নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির (BJP) তরফ থেকে প্রার্থী করা হয়েছে প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। তিনি মুখ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রয়াত ব্যক্তিগত সহায়ক (PA) চন্দ্রনাথ রথের মাতা। মঙ্গলবার তাঁর নাম ঘোষণার পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।
চলতি বছরের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম (Nandigram) ও ভবানীপুর—দুটি আসনেই জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে নিয়মের খাতিরে তিনি নিজের আদি গড় তথা নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন, যার ফলে এই কেন্দ্রটি বিধায়কশূন্য হয়ে পড়ে। এরপর থেকেই উপনির্বাচনের প্রার্থী কে হবেন, তা নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রয়াত আপ্তসহায়কের পরিবারকেই বেছে নেওয়া হয়েছে।
প্রার্থী নাম চূড়ান্ত হওয়ার পরেই মঙ্গলবার হলদিয়ায় হাসিরানি দেবীকে পাশে রেখে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের মঞ্চ থেকে রাজনৈতিক বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। নিজের জয় নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী মেজাজে শুভেন্দু বলেন, “আমি ভোট করাতে জানি, এমন মার্জিনে বিজেপি জিতবে কেউ ভাবতে পারেনি। এবারও এমন মার্জিনে জিতব কেউ ভাবতে পারছেন না।” পাশাপাশি নন্দীগ্রামবাসীর প্রতি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি জানান, এলাকার প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং কাজের দায়িত্ব তাঁর নিজের কাঁধে রয়েছে। সভা শেষে এক বিশাল পদযাত্রার মাধ্যমে হাসিরানি দেবীকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করতে যান মুখ্যমন্ত্রী।

