Suvendu Adhikari | ‘ব্রাজিলে জিতে লাফাচ্ছে বামেরা, ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চেয়েছিল তৃণমূল, তমলুক থেকে বিরোধীদের তীব্র আক্রমণ শুভেন্দুর   

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ সোমবার তমলুক সাংগঠনিক জেলার নতুন দলীয় কার্যালয়ের ভূমিপুজো অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের একবার রাজ্যের দুই প্রাক্তন ও বর্তমান শাসকদলকে এক বন্ধনীতে ফেলে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তমলুকের কাকগাছিয়ায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সিপিএমের ৩৪ বছর এবং তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনকালকে একযোগে নিশানা করেন। পাশাপাশি, ব্রাজিলে বামপন্থীদের জয় এবং তৃণমূল জমানার বিরুদ্ধে ‘গ্রেটার বাংলাদেশ’ তৈরির মতো গুরুতর অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

সোমবার তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে কাকগাছিয়া এলাকায় প্রায় সাড়ে তেত্রিশ ডেসিমেল জমির ওপর বিজেপির একটি বড়মাপের দলীয় কার্যালয় নির্মিত হতে চলেছে। এদিন সকালে বৈদিক রীতি মেনে হোমযজ্ঞ ও ভূমিপুজো সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বাম ও তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। শুভেন্দু বলেন, “তৃণমূল তো গত ১৫ বছর ধরে রাজ্যটাকে ‘গ্রেটার বাংলাদেশ’ করার চেষ্টা করেছিল। আর তার আগে ৩৪ বছর যারা ছিল, সেই বাম নেতাদের বাম-জেঠা-খুড়োরা সবাই তো ওপার থেকে এসেছে। সকাল থেকে আজ ওরা ব্রাজিলে জিতেছে বলে লাফাচ্ছে।”

বক্তব্যের মাঝেই বামেদের রাজনৈতিক আদর্শ এবং বাঙালি মনীষীদের ইতিহাস নিয়ে কড়া আক্রমণ শানান শুভেন্দু। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ওই রাজনৈতিক দলগুলির ঘর বা কার্যালয়ে কি স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু বা মাতঙ্গিনী হাজরার মতো মহান স্বাধীনতা সংগ্রামীদের ছবি পাওয়া যাবে? তাঁর দাবি, সেখানে আদর্শ হিসেবে চে গেভিয়ারা বা অন্য বিদেশিদের ছবিই খুঁজে পাওয়া যায়। অতীতে বাম জমানার ৩৪ বছর এবং বর্তমান তৃণমূল জমানার ১৫ বছরের শাসনকাল এ রাজ্যের সংস্কৃতির বড় ক্ষতি করেছে বলেই অভিযোগ তোলেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা ও পুরসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি যে বাম ও তৃণমূল—উভয় শিবিরকেই রাজনৈতিকভাবে কোণঠাসা করার রণকৌশল নিয়ে এগোচ্ছে, তমলুকের ভূমিপুজোর মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য তারই স্পষ্ট ইঙ্গিত দিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *