উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিপাড়ার অন্দরে কান পাতলেই এখন একটাই ফিসফিসানি— ভিকি কৌশলের ভাই সানি কৌশলের সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফ? সোশ্যাল মিডিয়ার কিছু রিলস, ইনস্টাগ্রাম পোস্ট আর ছবি নিয়ে নেটপাড়ায় এখন তুমুল শোরগোল (Sunny Kaushal-Isabelle Kaif)। এমনিতেই ভিকি-ক্যাটরিনার মুম্বইয়ের বাড়িতে বিভিন্ন উৎসবে সানি ও ইসাবেলাকে একসঙ্গে দেখা যায়। কিন্তু সম্প্রতি তাঁদের তুরস্কে ছুটি (Turkey Trip) কাটানোর কিছু ছবিতে অদ্ভুত মিল পেয়েছেন নেটিজেনরা। যা সেই বন্ধুত্বের সমীকরণকে এক অন্য মোড় এনে দিয়েছে (Courting Rumours)।
গল্পের সূত্রপাত সানির ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। সম্প্রতি সানি কিছু ছবি শেয়ার করেন, যার মধ্যে কয়েকটি বিড়ালের ছবি ছিল। আর তাতেই চোখ আটকে যায় নেটিজেনদের। কারণ, ঠিক একই রকম বিড়ালের ছবি ও পরিবেশের ফ্রেম এর আগে জুলাই মাসে নিজের তুরস্ক ভ্রমণের ফটোডাম্পে শেয়ার করেছিলেন ইসাবেলা। এখানেই শেষ নয়, সানির দেওয়া একটি বইয়ের সুপারিশ ‘ডানজন ক্রলার কার্ল’ নামের একটি ফ্যান্টাসি উপন্যাসের ছবির নীচে ইসাবেলা কমেন্ট করেছিলেন, ‘সবচেয়ে ভালো বইয়ের হদিশ দেওয়ার জন্য তোমায় স্বাগতম।’ আর এই কমেন্ট দেখেই অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করতে সময় নেননি।
রেডিট থেকে শুরু করে ইনস্টাগ্রাম— সর্বত্রই এখন এই নিয়ে জল্পনার অন্ত নেই। কেউ মজা করে লিখেছেন, ‘দিদি তেরা দিওয়ানা’, তো কেউ আবার অবাক হয়ে ভাবছেন যে এটা কোনও নতুন সিনেমার কোলাবরেশন নাকি আসল প্রেম। অতীতে অভিনেত্রী শর্বরী ওয়াঘের সঙ্গে সানির সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, বর্তমান সমীকরণ যেন সম্পূর্ণ আলাদা দিকে ইঙ্গিত করছে। যদিও এই বিষয়ে সানি বা ইসাবেলা কেউই মুখে টু শব্দ করেননি, তবে তাঁদের এই সোশ্যাল মিডিয়া রসায়ন ভক্তদের কৌতূহল যে অনেকটাই বাড়িয়ে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

