উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমকালে শরীরকে ভিতর থেকে সুস্থ রাখা জরুরি। আর এই কাজটা করে একমাত্র ডায়েট। গ্রীষ্মকালীন কিছু খাবার রয়েছে, যা এই সময়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। রইল সেইসব খাবারের তালিকা (Summer season Meals)।
ছাতু
ছাতুর তৈরি পানীয় গ্রীষ্মকালের জন্য আদর্শ। এই পানীয় পেটকে ভর্তি রাখে এবং শরীরকে হাইড্রেটেড রাখে। এমনকী শরীরকে ঠান্ডা রেখে দেহে পুষ্টির ঘাটতি পূরণ করে।
তরমুজ
তরমুজ জলে ভরপুর। শরীরকে দীর্ঘ সময় পর্যন্ত হাইড্রেটেড রাখতে সাহায্য করে এই ফল। তার সঙ্গে শরীরকে ঠান্ডাও রাখে।
দই
প্রোবায়োটিক সমৃদ্ধ এই খাবার হজমশক্তি উন্নত করে, পেটের প্রদাহ কমায়, হাড় ও দাঁতের স্বাস্থ্য উন্নত করে এবং শরীরকে ঠান্ডা রাখে। গরমকালে ওজন কমাতে চাইলে টক দইকে অবশ্যই পাতে রাখুন।
শসা
জল ও পুষ্টিতে ভরপুর শসা গরমে পেট ঠান্ডা রাখে। এই ফলে ক্যালোরি কম ও ফাইবারের পরিমাণ বেশি। ওজন কমাতে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে এবং শরীরকে হাইড্রেটেড রাখতে শসা উপযোগী।
লাউ
গ্রীষ্মকালীন সবজি খেতে ভুলবেন না। লাউয়ের মধ্যে জলের পরিমাণ বেশি। এই খাবার শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি পেটের সমস্যাও দূর করে।
পাকা কাঁঠাল
কাঁঠালে থাকা ভিটামিন ও মিনারেল গরমে শরীরকে সুস্থ রাখে। এই ফল শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ভিটামিন সি থাকায় পাকা কাঁঠাল খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
ডাবের জল
গরমকালে সুস্থ থাকতে গেলে ডাবের জল খেতেই হবে। দেহে ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে ডাবের জল। হজমেও সহায়ক এই পানীয়।
