উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সংসদীয় ইতিহাসের সম্ভবত সবচেয়ে সংকটময় দিন হতে চলেছে সোমবার। একদিকে লোকসভায় তৃণমূলে ভাঙনের জল্পনা, অন্যদিকে রাজ্যসভাতেও বড়সড়ো ফাটল। রাজ্যসভার সাংসদ পদ (Rajya Sabha MP) থেকে ইস্তফা (Resign) দিলেন সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। সেই সঙ্গে তৃণমূল (TMC) ছাড়লেন বর্ষীয়ান এই নেতা।
এদিকে, প্রবীণ রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়ের পদত্যাগের খবরের পাশাপাশি, দলের অন্দরে তৈরি হয়েছে নয়া জল্পনা। সূত্রের দাবি, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ কোয়েল মল্লিক (Koel Mallick)। গত এপ্রিল মাসে রাজনীতির আঙিনায় পা রেখেই রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। তাঁর এই প্রবেশকে তৃণমূলের বড় রাজনৈতিক চমক হিসেবে দেখা হয়েছিল। শপথ নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁর ইস্তফার জল্পনা তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যক্তিগতভাবে কোয়েল মল্লিকও নিজের সম্ভাব্য পদত্যাগের বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি।
অন্যদিকে, সুখেন্দুশেখর রায় দীর্ঘ দিন ধরেই দলের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য নিয়ে সংবাদ শিরোনামে ছিলেন। তাই তাঁর পদত্যাগের খবরটি রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে কিছুটা প্রত্যাশিত হলেও, সামগ্রিকভাবে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে।
এরই মধ্যে লোকসভাতেও তৃণমূলের অন্দরে ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে দলের অভ্যন্তরে জরুরি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। বর্তমানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, তাই এই অস্থিরতার আবহে তাঁর পরবর্তী পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবুও, এই ঘটনা যদি সত্য হয়, তবে সংসদীয় রাজনীতিতে তৃণমূলের শক্তি ও কৌশলে যে বড়সড়ো প্রভাব পড়বে, তা বলাই বাহুল্য।
