উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এশিয়ান গেমসের (Asian Video games) আঙিনায় নতুন ইতিহাস। রিংয়ের রোমাঞ্চ আর খাস মারকুটে মেজাজে ভারতীয় ক্রীড়াজগতে এক অবিশ্বাস্য বিপ্লব ঘটিয়ে দিলেন সূচিকা তরিয়াল (Suchika Tariyal)। জাপানের আইচি-নাগোয়ায় চলমান মহাযজ্ঞে মিক্সড মার্শাল আর্টস বা এমএমএ-র (MMA India) মঞ্চে দেশের হয়ে প্রথম পদক নিশ্চিত করে ফেললেন এই লড়াকু অ্যাথলেট। রোববারের কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার দুর্ধর্ষ প্রতিযোগী আলটানচিমেগ বাইগ্যালমাকে একেবারে রিংয়ে আছড়ে ফেলে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন তিনি। বক্সিং বা কুস্তির মতো নিয়মে এখানেও সেমিফাইনালে পৌঁছানো মানেই অন্তত ব্রোঞ্জ পদক গলায় ঝোলা নিশ্চিত। তবে এই তেজি মানবী যে সোনা ছাড়া থামতে নারাজ, তা তাঁর চোখ-মুখের জেদ দেখেই স্পষ্ট।
হরিয়ানার মাটি থেকে উঠে আসা সূচিকার এই জার্নিটা ঠিক রূপকথার উপন্যাসের মতো। ছোটবেলায় ইভটিজিংয়ের মতো অন্ধকারের বিরুদ্ধে লড়াই করার জন্যই প্রথম জুডোর হাত ধরেছিলেন তিনি। এরপর একে একে জুডো, কুরাশ আর জুজুৎসু—যেখানে হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলিয়েছেন। এমনকি ২০২৪ সালে জুজুৎসুতে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশের পতাকা উচিয়ে ধরেছিলেন। তবে জীবনের পথ কি আর এতো সহজ হয়? প্রশাসনিক জটিলতা, বারবার খেলার ডিসিপ্লিন বদলে ফেলা এবং হাঁটুতে মারাত্মক চোট—সব মিলিয়ে একসময় রিং ছেড়ে দূরে সরে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু মনের কোণে জমে থাকা জেদ আর কাছের মানুষের অনুপ্রেরণায় ফের কামব্যাক করেন তিনি। গ্ল্যামার দুনিয়াতেও কম যান না সূচিকা। জনপ্রিয় রিয়েলিটি শো ‘এমটিভি রোডিজ’ থেকে শুরু করে প্রাইম ভিডিওর ‘ইন্ডিয়াজ আল্টিমেট ওয়ারিয়র’-এর মতো মঞ্চেও নিজের শক্তির পরিচয় দিয়েছেন এই ৩৬ বছর বয়সি ফাইটার।
চলতি এশিয়াডেই প্রথমবার অফিশিয়ালি জায়গা করে নিয়েছে এমএমএ। আর এই নতুন ডিসিপ্লিনের অভিষেক আসরেই দেশের মুকুটে ঐতিহাসিক পালকটি মুড়ে দিলেন এই নারীশক্তি। ফাইনালের টিকিট নিশ্চিত করার এই লড়াইয়ে এবার তাঁর সামনে সিঙ্গাপুরের হুই হুন তেও কিংবা ইরানের আরেজু সালিমিঘালেতাকির মতো কঠিন প্রতিপক্ষ। তবে প্রতিপক্ষ কে, তা নিয়ে মাথা ঘামানোর বিন্দুমাত্র সময় নেই সূচিকার। আত্মরক্ষার পাঠ নিতে দেশের তরুণী ও মেয়েদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বরাবরই বলে এসেছেন, নারীরা মানসিকভাবে অনেক বেশি শক্ত এবং তাঁরা চাইলে পাহাড়ও নড়াতে পারেন। এখন গোটা দেশ অধীর আগ্রহে তাকিয়ে আছে সেমিফাইনালের সেই মহাযুদ্ধের দিকে। রিংয়ের খাঁচায় বন্দি সব বাধা বিপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে সূচিকা কি পারবেন এশিয়ার সেরা হওয়ার গৌরব ছিনিয়ে আনতে? উত্তরের অপেক্ষায় গোটা ভারত।

