উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একাদশ-দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক ঐতিহাসিক ও চাঞ্চল্যকর মোড় আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। আদালতের নির্দেশিকা এবং রাজ্য সরকারের নতুন সংরক্ষণ বিধিকে মান্যতা দিয়ে অতীতে প্রকাশিত সমস্ত ইন্টারভিউ তালিকা, সুপারিশপত্র, চূড়ান্ত প্যানেল এবং ওয়েটিং লিস্ট পুরোপুরি বাতিল করে দিল কমিশন। আর এই নিয়মের কড়াকড়িতে তালিকা থেকে এক ধাক্কায় ছিটকে গিয়েছেন প্রায় এক হাজারের বেশি শিক্ষক (Instructor)।
আইনি জট কাটিয়ে রাজ্যে এবার কার্যকর হল ৭ শতাংশ ওবিসি (OBC) সংরক্ষণ বিধি। ২০১০ সালে ওবিসি কোটা বাড়িয়ে ১৭ শতাংশ করা হলেও, ২০২৪ সালের কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট জানানো হয় যে নির্দিষ্ট ৬৬টি শ্রেণীর জন্য ৭ শতাংশ ওবিসি সংরক্ষণই বহাল থাকবে। পরবর্তীতে শ্রম দপ্তরের নতুন বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি চাকরিতে সেই ৭ শতাংশ কোটা কড়াকড়ি নিশ্চিত করতেই নড়েচড়ে বসল এসএসসি। ফলস্বরূপ, আগের সমস্ত মেধাতালিকা বাতিল করে একেবারে শূন্য থেকে নতুন করে প্যানেল সাজানোর কাজ শুরু হয়েছে।
নতুন এই সংশোধিত প্রক্রিয়ায় পুরোনো চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় স্বস্তির খবরও রয়েছে। যাঁরা ইতিপূর্বে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন বা নমুনা পাঠদানে অংশ নিয়েছিলেন, তাঁদের নতুন করে আর পরীক্ষা দিতে হবে না। তাঁদের অর্জিত পুরনো নম্বরই বহাল থাকবে এবং লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর ও আগের ইন্টারভিউয়ের নম্বরের ওপর ভিত্তি করেই চূড়ান্ত মূল্যায়ন করা হবে।
তবে যাঁদের নাম নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাঁদের জন্য ধাপে ধাপে নথিপত্র যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু করবে কমিশন। এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই সামনে আসবে একেবারে নতুন এবং চূড়ান্ত মেধা তালিকা ও প্যানেল।

