বালুরঘাট: স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথম জেলা সফরে শনিবার দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur) পৌঁছালেন রথীন্দ্র বোস (Speaker Rathindra Bose)। বালুরঘাট সার্কিট হাউসে জেলা নেতৃত্ব ও নির্বাচিত বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর, তিনি বালুরঘাট (Balurghat) রবীন্দ্রভবনে বিজেপি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
এদিন বিধানসভায় বিরোধী বিধায়কদের ঘর বরাদ্দ নিয়ে তৃণমূলের সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গ টেনে স্পিকার রথীন বোস বলেন, “গতকাল বিধানসভায় তৃণমূলের বিধায়করা যে বিক্ষোভ দেখিয়েছে, তা একেবারেই অনভিপ্রেত। আমি আগেই তাদের চিঠি দিয়ে জানিয়েছিলাম যে, বরাদ্দকৃত ঘরগুলির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। তাই সংশ্লিষ্ট দফতরকে দ্রুত ঘরগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন ও মেরামত করে ব্যবহারের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে।”
তৃণমূল জমানার সমালোচনা করে রথীন বোস আরও বলেন, “তৃণমূল যখন ক্ষমতায় ছিল, তখন তারা যে ঘরগুলি আমাদের দিয়েছিল, সেগুলি ব্যবহারযোগ্য ছিল না। আমরা সেগুলিকে নতুন করে মেরামত করছি। খুব শীঘ্রই যথাযথভাবে প্রস্তুত করে তা তাদের হাতে তুলে দেওয়া হবে।”
বিরোধী দলের বিধায়কদের মর্যাদার বিষয়ে স্পিকার স্পষ্ট করেন, “বিরোধী দলে বহু অভিজ্ঞ ও সম্মানীয় বিধায়ক রয়েছেন। তাই তাদের মর্যাদা বজায় রেখেই সবরকম ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্পিকারের এই সফর ঘিরে এদিন বালুরঘাটে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। জেলা সফরের মাধ্যমে তিনি বিধায়কদের সঙ্গে যেমন সমন্বয় বাড়ালেন, তেমনই বিধানসভার অন্দরের বিরোধ নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করে দিলেন।
