উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্তির দাবিতে এবার জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। আগামী ৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শার সঙ্গে লাদাখের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই বার্তা দিলেন তিনি। লেহ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, কেন্দ্র যদি এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ না করে, তবে ৯ সেপ্টেম্বরের পর বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।
সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনে শামিল হয়ে অনশন করেছিলেন ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রীদের আশ্বাসে সেই অনশন ভাঙলেও লাদাখের মানুষের অধিকার আদায় নিয়ে সুর নরম করছেন না তিনি। লেহ অ্যাপেক্স বডির তরফে ওয়াংচুক স্পষ্ট করে দিয়েছেন, লাদাখ ও সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে কোনও ধরনের বৈমাত্রেয়সুলভ আচরণ বরদাস্ত করা হবে না।
ওয়াংচুকের কথায়, “কেন্দ্র যদি লাদাখবাসীর বৈধ দাবিতে আলোকপাত না করে বৈমাত্রেয়সুলভ আচরণ করে, তাহলে বৃহত্তর আন্দোলন ছাড়া উপায় থাকবে না।” ১০ সেপ্টেম্বর থেকে সরকারের বিরুদ্ধে একটি পদযাত্রা শুরুর কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে দেশবাসীকে লাদাখের এই অধিকার রক্ষার লড়াইয়ে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন।

